বিশ্বকাপের ১০ মাঠ: নরেন্দ্র মোদি নাকি ইডেন গার্ডেনস, কোনটি সবচেয়ে বড়

রবিউল ইসলাম
০৬ অক্টোবর ২০২৩, ১৩:৪৫আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৬:১৯

বিশ্বকাপের ১৩তম আসর শুরু হচ্ছে ৫ অক্টোবর। প্রথমবার ভারত এককভাবে এর আয়োজন করছে।  ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। এবার তারা একাই আয়োজক। ৪৬ দিনের এই টুর্নামেন্টে ১০ দলের অংশগ্রহণে হবে ৪৮ ম্যাচ। মোট ১০টি ভেন্যুতে হবে খেলা। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়ে এবং কলকাতার ইডেন গার্ডেন্সে হবে সেমিফাইনাল। বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, হায়দরাবাদ, লখনউ ও পুনেতে  রয়েছে একাধিক ম্যাচ। বিশ্বকাপের ভেন্যুগুলো নিয়ে নানান কৌতূহল থাকতে পারে, সেগুলোই তুলে ধরার চেষ্টা।

নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)

নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম
নরেন্দ্র মোদি স্টেডিয়াম অবস্থিত গুজরাটের আহমেদাবাদে। এটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট গ্রাউন্ড, যেখানে ১ লাখ ৩২ হাজার দর্শক গ্যালারিতে একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনালসহ মোট পাঁচটি খেলা হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আহমেদাবাদের এই মাঠে ২৬টি আন্তর্জাতিক ওয়ানডে হয়েছে। উইকেট অনেকটা স্পিনবান্ধব। এখানে প্রথম যারা ব্যাট করে তাদের জয়ের হার বেশি, ১৪টি। রান তাড়ায় জেতার হার খুব কম, ১২টি। এ মাঠে সর্বোচ্চ ৩৭৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা, ২০১০ সালে ভারতের বিপক্ষে। সর্বনি¤œ স্কোর ৮৫, যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল জিম্বাবুয়ে।

এম এ চিদম্বরম স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)

এম এ চিদম্বরম স্টেডিয়াম
১৯১৬ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর মধ্যে অন্যতম প্রাচীন। চেন্নাইয়ের এই মাঠে ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ বিশ্বকাপের মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বর্তমানে এই মাঠে দর্শক ধারণক্ষমতা ৫০ হাজার। এখানে মোট আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছে ৩৪টি। প্রথমে ব্যাট করা দল জিতেছে ১৭ বার। ১৯৯৭ সালে পাকিস্তানের করা ৩৩৭ রান সর্বোচ্চ। ২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কেনিয়া করেছিল সর্বনি¤œ ৬৭ রান। স্পিনবান্ধব এই মাঠে এবারের বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ রয়েছে।

এম চিন্নাস্বামী স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)

এম চিন্নাস্বামী স্টেডিয়াম
প্রকৃত নাম কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত বিসিসিআইয়ের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা এম চিন্নাস্বামীর প্রতি শ্রদ্ধা জানাতে তার নামে স্টেডিয়ামটির নামকরণ  হয়। বেঙ্গালুরুতে অবস্থিত এ স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ৪০ হাজার। এই মাঠে হবে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ। মোট ২৪টি আন্তর্জাতিক ওয়ানডে হয়েছে এখানে। নতুন বলে এখানে পেসাররা ভালো সুইং পেয়ে থাকেন। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সর্বোচ্চ ওয়ানডে স্কোর ৩৮৩ রান, ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিল ভারত।

ওয়াংখেড়ে স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)

ওয়াংখেড়ে স্টেডিয়াম
ভারত ২০১১ সালে এই মাঠেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছিল। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির দল। শচীন টেন্ডুলকার পান তার বহুল প্রতীক্ষিত ট্রফি। মুম্বাইয়ের এই মাঠে দর্শক ধারণক্ষমতা আগে ৪৫ হাজার থাকলেও এখন ৩৩ হাজারে কমে এসেছে। ওয়াংখেড়েতে ২৩টি আন্তর্জাতিক ওয়ানডে হয়েছে। আগে ব্যাটিং করা দলের জয়ের হার বেশি, ১২ বার। এই ভেন্যুতে সর্বোচ্চ স্কোর ৪৩৮, ভারতের বিপক্ষে করেছিল দক্ষিণ আফ্রিকা। সর্বনিম্ন স্কোর ১১৫, ভারতের বিপক্ষে বাংলাদেশের। এবারের বিশ্বকাপে সেমিফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ হবে এখানে।

অরুণ জেটলি স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)

অরুণ জেটলি স্টেডিয়াম
ভারতের দ্বিতীয় প্রাচীন ভেন্যু অরুণ জেটলি স্টেডিয়াম। সুলতান ফিরোজ শাহ তুঘলকের দুর্গ ছিল এটি। পরে অনেক সংস্কারের পর রূপ নেয় বর্তমান স্টেডিয়াম। ব্যাটিংবান্ধব এই ভেন্যু ২০১১ বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। পরে আইসিসি শাস্তি কমানোয় ওইবার চারটি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। এতে দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার। মোট ২৮টি আন্তর্জাতিক ওয়ানডে হয়েছে এই মাঠে। ১৩ বার জিতেছে আগে ব্যাটিং করা দল। আর ১৪ বার জয় পেয়েছে পরে ব্যাটিংয়ে নামা দল। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৩৩০ রান এই মাঠে সর্বোচ্চ। সর্বনিম্ন স্কোর ৯৯, ভারতের বিপক্ষে করেছিল দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ হবে এই স্টেডিয়ামে।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
ধর্মশালায় অবস্থিত এই স্টেডিয়ামে স্পিনাররা বাড়তি সুবিধা পায়। সন্ধ্যার দিকে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দলগুলো সাধারণত পরে ব্যাটিং করতে চায়। পরে ব্যাটিং করেই জেতার হার বেশি। এই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ২৩ হাজার। মোট ম্যাচ হয়েছে চারটি, রান তাড়ায় জয় তিনবার। সর্বোচ্চ স্কোর ৩৩০, ভারত করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সর্বনিম্ন ১১২ রানও ভারতের, শ্রীলঙ্কার বিপক্ষে। এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে এখানে। এই ভেন্যুতে হবে আরও চারটি ম্যাচ।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
ভারতের পুনে শহরে অবস্থিত মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক। এখানে অনুষ্ঠিত মোট সাত ওয়ানডের চারটি জিতেছে আগে ব্যাটিং করা দল। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ৩৫৬ রান এই মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বনিম্ন রানও ভারতের, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩২। দর্শক ধারণক্ষমতা ৩৭ হাজার। এবারের বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ হবে এই স্টেডিয়ামে।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম
ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট মাঠ এটি। হায়দরাবাদের এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৫৫ হাজার। পেসারদের চেয়ে স্পিনাররা বোলিং বেশি উপভোগ করেন এখানে। সময়ের সঙ্গে উইকেট মন্থর হওয়ায় আগে ব্যাটিং করা দলই বেশি সুবিধা পায়। পরিসংখ্যানও বলছে সেই কথা। মোট সাতটি ওয়ানডের চারটি জিতেছে আগে ব্যাটিং করা দল। সর্বোচ্চ ৩৫০ রান করেছে অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে। আর স্বাগতিকদের বিপক্ষে ইংল্যান্ডের করা ১৭৪ রান সর্বনিম্ন। রাজীব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপের তিনটি ম্যাচ হবে।

ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)

ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম
লখনউর এই মাঠে মাত্র চারটি আন্তর্জাতিক ওয়ানডে হয়েছে। দর্শক ধারণক্ষমতা ৫০ হাজার। ২০১৯ সালে এই মাঠকে আফগানিস্তানের তৃতীয় হোম ভেন্যু ঘোষণা করা হয়। এখানে সর্বোচ্চ ২৫৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ, আফগানদের বিপক্ষে। সর্বনিম্ন রান আফগানিস্তানের, ১৯৪। বিশ্বকাপের পাঁচটি খেলা হবে এই ভেন্যুতে।

ইডেন গার্ডেনস (ছবি: সংগৃহীত)

ইডেন গার্ডেনস
একসময় এক লাখ দর্শক এখানে বসে খেলা দেখতে পারতেন। কিন্তু ২০১১ বিশ্বকাপের আগে সংস্কার করার পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৩ হাজারে। ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান হয়েছে এই মাঠে। ২০১৪ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান করেন ভারতের রোহিত শর্মা। সেই ম্যাচে ভারত তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৪০৪ রান করেছিল। ১৯৯৬ বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে দর্শকদের বিক্ষুব্ধ আচরণের কারণেও স্মরণীয় এই মাঠ। মোট ৩৫টি আন্তর্জাতিক ওয়ানডে হয়েছে এই ভেন্যুতে। আগে ব্যাটিং করা দল জিতেছে ২০ বার। এখানে সর্বনিম্ন স্কোর ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের, ১২৩ রান। এবারের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে ইডেন গার্ডেনসে।  

/জেএইচ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম