এতদিন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন গ্রাহাম গুচ। বাংলাদেশের বিপক্ষে আজ ৮২ রানের ইনিংস খেলে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন ইংল্যান্ড ব্যাটার জো রুট।
বিশ্বকাপের আগ দিয়ে রুট বাজে ফর্মে ছিলেন। বিশ্বকাপে অবশ্য দারুণ ছন্দে তিনি। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে করেছেন ৬৮ বলে ৮২ রান! তার ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছয়ের মার।
বিশ্বকাপে আজকের ম্যাচসহ রুট ১৯টি ম্যাচ খেলেছেন। সেখানে ১৮টি ইনিংসে তার সংগ্রহ ৯১৭ রান! গড় ৫৭.৩১। বিশ্বকাপে তার সেঞ্চুরি ৩টি, হাফসেঞ্চুরি ৫টি। সর্বোচ্চ ইনিংস ১২১।
তার আগে গ্রাহাম গুচ ৮৯৭ রান নিয়ে শীর্ষে অবস্থান করছিলেন। ২১ ম্যাচে তার গড় ছিল ৪৪.৮৫। গুচের সেঞ্চুরি ছিল একটি, হাফসেঞ্চুরি ৮টি। সর্বোচ্চ ইনিংস ১১৫।









