বিশ্বকাপে দারুণ ফর্মে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে পাওয়া তিন জয়ের সবগুলোই পেয়েছে আগে ব্যাট করে। শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে পরে ব্যাট করে। স্বাভাবিক ভাবেই প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ে পাঠানো বিপজ্জনক। তাইতো মাঠ, কন্ডিশনের সঙ্গে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিবেচনা করে টস জেতাটা ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের।
শুধু বিশ্বকাপের পরিসংখ্যানই নয়, এমনিতেও রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা ব্যর্থদের তালিকায় ওপরের দিকে থাকবে। রান তাড়ার চাপে বরাবরই কাবু হয়ে যাওয়া প্রোটিয়াদের বিপক্ষে যে কোন দল চাইবে আগে ব্যাট করতে। তবে এটাই একমাত্র কারণ নয়। মুম্বাইতে যে গরম, তাতে করে ৫০ ওভার ফিল্ডিং করে ব্যাটিং করাটা বেশ কঠিন। পরিস্থিতি বাংলাদেশ বুঝতে পারছে ঠিকঠাক ভাবেই। তাইতো ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টস জেতার জন্য দোয়াও চেয়েছেন, ‘দোয়া করেন যেন (আজ) টসটা জিতি (হাসি)।’
সব ম্যাচের ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভিন্ন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামবে তারা। তবে চ্যালেঞ্জ হচ্ছে মাঠে ঠিকঠাক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা। সেই কাজটাই বাংলাদেশ দল পারছে না। সাকিব বিষয়টি স্বীকারও করে নিলেন, ‘শেষ এক-দেড় বছরের পারফরম্যান্স নিয়ে প্ল্যান করা হবে। প্ল্যান তো থাকেই কিন্তু সফল হয় না। আশা করছি আমাদের ভালো দিন যাবে এবং প্ল্যান সফল হবে।’
এদিকে প্রোটিয়াদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে খুব বেশি পরিবর্তন আসছে না। মুম্বাইয়ের ছোট উইকেটে স্পিনারদের আধিপত্য কমেই থাকবে। এই কারণে নাসুমের বদলে ফিরছেন সাকিব। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ছিলেন না তাসকিন আহমেদ। এই ম্যাচেও তার থাকার সম্ভাবনা নেই। ভারতের বিপক্ষে তাসকিন না থাকায় মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামের সঙ্গে খেলেছেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এই তিন পেসারের খেলার সম্ভাবনাই বেশি। তবে শেষ মুহূর্তে বিশেষ করে হাসানের জায়গায় তরুণ পেসার তানজিম হাসান সাকিবের সুযোগ হলেও হতে পারে।









