বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আরেকটি রানের পাহাড় গড়া ম্যাচ উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। যার মূল চালিকা শক্তি ছিলেন ওপেনার কুইন্টন ডি কক। মুম্বাইয়ে বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় ১৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তার এই ব্যাটিং পারফরম্যান্সে ভর করেই ১৪৯ রানের বিশাল জয় পেয়েছে প্রোটিয়া দল।
ডি ককের এই ইনিংস দেখে মোটেও মনে হয়নি মানসিকভাবে আত্মবিশ্বাসের অভাব ছিল তার। কিন্তু ম্যাচের পর অভিজ্ঞ এই ওপেনার জানালেন, বাংলাদেশ ম্যাচের আগে কিছুটা নার্ভাস ছিলেন না তিনি, ‘সকালে কিছুটা নার্ভাস ছিলাম। সাধারণত এমনটা আমার হয় না।’
বামহাতি ওপেনার পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আরও বলেছেন, ‘দুটি পয়েন্ট নিশ্চিত করতে পারা অবশ্যই দারুণ। কিন্তু ইনিংসের পর সন্তুষ্টির চেয়ে আরও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আমি।’
বাংলাদেশের ইনিংসের সময় দেখা গেছে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াননি তিনি। তার জায়গায় কিপিংয়ের দায়িত্ব পালন করেছেন হাইনরিখ ক্লাসেন। পরে জানা গেছে মুম্বাইয়ের তীব্র গরমে হালকা ক্র্যাম্প করেছিল তার।









