বিশ্বকাপে ম্যাচের মাঝে এমন ‘লাইট শো’ নিয়মিত দেখা যায়। সুরের তালে তালে ফ্লাডলাইট জ্বালানো আর নিভানোর ঘটনা দেখা মেলে হরহামেশাই। তখন গ্যালারির দর্শকরাও অংশ নেন স্বতঃস্ফূর্তভাবে। অন্ধকার স্টেডিয়ামে মোবাইলের ফ্লাশলাইট জ্বালিয়ে অংশ নেন তারাও। কিন্তু বিশ্বকাপের এমন আয়োজনকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না অজি হিটার গ্লেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্রেকিং দ্রুততম সেঞ্চুরির পর তিনি বলেছেন, এই ধরনের ‘লাইট শো’ বোকার মতো কাজ। মূলত তীব্র আলোর ওঠা-নামার ফলে চোখে বাড়তি চাপ পড়ে বলেই এমন মন্তব্য করেছেন অজি ব্যাটার। তিনি বলেছেন, এভাবে আলো নিয়ে মজার ফলে তীব্র মাথা ব্যথার সৃষ্টি হয় তার।
ম্যাক্সওয়েল মাত্র ৪০ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির পরই এসব নিয়ে কথা বলেছেন। তার বিস্ফোরক ব্যাটিংয়ে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ডাচদের রেকর্ড ৩০৯ রানে তারা হারিয়েছে। ওই ম্যাচে দুই মিনিটের মতো আলোর এমন খেলার ফলে দুই হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছিলেন তিনি, ‘বিগ ব্যাশে পার্থ স্টেডিয়ামেও এমনটা হতে দেখেছি। তখন এটা আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এর ফলে আমার চোখ স্বাভাবিক আলোর সঙ্গে খাপ খাওয়াতে সময় নিয়েছিল। আমার মনে হয় ক্রিকেটারদের জন্য এই ধরনের পরিকল্পনা আসলে বোকার মতো কাজ।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘ওই মুহূর্তে তখন যতটা পারি চোখ বন্ধ করে রেখেছিলাম। বিষয়টা এড়িয়ে যেতে পারলে বাঁচি- এমন অবস্থা। কিন্তু বিষয়টা ভয়ংকর। সত্যিই ভয়ংক পরিকল্পনা। হতে পারে দর্শকদের জন্য বিষয়টা মজার। কিন্তু খেলোয়াড়দের জন্য এটা ভয়ঙ্কর।’








