নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশের শোচনীয় হার

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩, ১৪:১১আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২২:৩২

স্কোর: বাংলাদেশ ৪২.২ ওভারে ১৪২/১০ (শরিফুল ০*, তাসকিন ১১, মোস্তাফিজ ২০, মাহমুদউল্লাহ ২০, মেহেদী ১৭, মুশফিক ১, মিরাজ ৩৫, সাকিব ৫, শান্ত ৯, লিটন ৩, তানজিদ ১৫)

নেদারল্যান্ডস ৫০ ওভারে ২২৯/১০ (ফন বিক ২৩*, ফন মিকেরেন ০, আরিয়ান ৯, শারিজ ৬, এঙ্গেলব্রেখট ৩৫, স্কট এডওয়ার্ডস ৬৮, বিক্রমজিৎ ৩, ম্যাক্স ও’ডাউড ০, বারেসি ৪১, অ্যাকারম্যান ১৫, বাস ডি লিড ১৭)

ফল: ৮৭ রানে নেদারল্যান্ডসের জয়।

বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে পা রাখে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু হয়েছিল এই আসর। তারপর থেকে কেবলই হার। তবে শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের জোরালো বিশ্বাস ছিল। সাকিব আল হাসানদের সমর্থন জানাতে এদিন গ্যালারিতে ছিল অগণিত দর্শক। তাদের হতাশই করলেন বাংলাদেশের ব্যাটাররা। ২৩০ রানের লক্ষ্যে নেমে ১৪২ রানে অলআউট হয়ে গেলো তারা। ৮৭ রানের শোচনীয় পরাজয় বরণ করতে হলো। আর দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ স্মরণীয় করে নিলো ডাচরা। বিশ্বকাপে আইসিসিরি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে কোনও সহযোগী সদস্যের এটাই সবচেয়ে বড় জয়।

২২৯ রানে নেদারল্যান্ডসকে আটকে দেওয়ার পর জয়ের আশায় ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। মাত্র ১৯ রানে দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম ফিরে গেলে বিরাট ধাক্কা লাগে। সেটা কাটিয়ে তো উঠতে পারেইনি, বরং নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও সাকিবরা ব্যর্থতার পরিচয় দেন। ৮০ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার ব্যর্থ প্রচেষ্টা করেন মাহমুদউল্লাহ। তাকে ৩৮ রানের জুটি গড়ে সঙ্গ দেন মেহেদী হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করা মাহমুদউল্লাহও হতাশ করেন। মাত্র ২০ রান করে আউট তিনি। নবম উইকেটে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ২৯ রানের জুটি কেবলই ব্যবধান কমিয়েছে। তিন বলের মধ্যে দুজনকে আউট করে নেদারল্যান্ডস ৪৩তম ওভারে জয় নিশ্চিত করে। 

মোস্তাফিজ যৌথভাবে দ্বিতীয় সেরা ২০ রান করেন। ইনিংস সেরা ৩৫ রান আসে মিরাজের ব্যাটে। তাসকিনকে ১১ রানে ফিরিয়ে চতুর্থ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন পল ফন মিকেরেন। মিডল অর্ডারে ধস নামানো এই ডাচ পেসার হন ম্যাচসেরা।

৭.২ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নেন মিকেরেন। ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে আটে উঠে গেলো ডাচরা। আর সমান খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ।

মাহমুদউল্লাহও হতাশ করলেন

বাস ডি লিড দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে বাংলাদেশের শেষ ভরসা মাহমুদউল্লাহকে ফেরালেন। ৪১ বলে ২০ রান করে মিডউইকেটে আরিয়ান দত্তের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন। ১১৩ রানে বাংলাদেশ হারালো ৮ উইকেট। ৭০ রানে ৬ উইকেট হারার পর তার ব্যাটেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আশায় ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে মাহমুদউল্লাহ একাই লড়াই করে সেঞ্চুরি উদযাপন করেন।

ভেঙে গেলো মাহমুদউল্লাহ-মেহেদীর জুটি

মাহমুদউল্লাহ ও মেহেদী হাসানের জুটিতে বাংলাদেশ একশ ছাড়ায়। তাদের দুজনের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। তারা দুজনে মিলে ৩৮ রানের বেশি তুলতে পারেননি। দলীয় ১০৮ রানে মেহেদী রান আউট হন। ১৭ রান করেন তিনি।

মাহমুদউল্লাহ-মেহেদী জুটিতে বাংলাদেশের একশ

পল ফন মিকেরেনের তোপে বাংলাদেশ ৭০ রানে ৬ উইকেট হারায়। তবে আর কোনও উইকেট না হারিয়ে তারা একশ ছাড়িয়েছে। মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান ২৮তম ওভারে দলীয় স্কোর তিন অঙ্কের ঘরে নেন।

মিকেরেনের বলে তছনছ বাংলাদেশ

চার ওভারের তিনটির প্রত্যেকটিতে উইকেট উদযাপন করলেন পল ফন মিকেরেন। সবশেষ মুশফিকুর রহিমকে মাত্র ১ রানে বোল্ড করলেন নেদারল্যান্ডসের পেসার। ৭০ রানে ছয় উইকেট নেই বাংলাদেশের। এর আগে নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানকে প্যাভিলিয়নে পাঠান মিকেরেন। ১১ থেকে ২০ ওভারে ৩৩ রানে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ।

ছয় বলের মধ্যে সাকিব ও মিরাজের বিদায়

১৬তম ওভারের শেষ বলে পল ফন মিকেরেন ৫ রানে সাকিব আল হাসানকে স্কট এডওয়ার্ডসের ক্যাচ বানান। পরের ওভারে বাস ডি লিড পঞ্চম বলে একইভাবে মেহেদী হাসান মিরাজকেও ফেরান। ৪০ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৫ রান করেন বাংলাদেশি ব্যাটার। ৬ বলের মধ্যে দুই উইকেট হারালো বাংলাদেশ। ৬৯ রানে নেই ৫ উইকেট।

পঞ্চাশের আগেই বাংলাদেশের তিন উইকেট নেই

১৯ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। ২৩০ রানের লক্ষ্যে নেমে এই ধাক্কা ভালোভাবে সামলাতে পারেনি। পাওয়ার প্লের স্কোরই তার প্রতিচ্ছবি। ১০ ওভারে ২ উইকেটে ৩৯ রান করে তারা। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত ছিলেন ক্রিজে। কিন্তু তাদের জুটি ভেঙে গেলো ২৬ রানে। শান্ত ৯ রান করে ১২তম ওভারে বিদায় নেন। পল ফন মিকেরেন তাকে লোগান ফন বিকের ক্যাচ বানান। প্রথম ম্যাচে অপরাজিত ৫৯ রান করা শান্ত পরের পাঁচ ম্যাচের কোনোটিতে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দলীয় ৪৫ রানে তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ।

হতাশ করলেন লিটন-তানজিদ

তানজিদ হাসান তামিম তিন চারে দারুণ শুরুর ইঙ্গিত দেন। কিন্তু বড় করতে পারেননি ইনিংস। এমনকি আরেক ওপেনার লিটন দাসের বিদায়ের পরও হাল ধরতে ব্যর্থ তিনি। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৯ রানে লিটনকে (৩) স্কট এডওয়ার্ডসের ক্যাচ বানান আরিয়ান দত্ত। পরের ওভারে তানজিদ ১৬ বলে ১৫ রান করে একইভাবে লোগান ফন বিকের শিকার হন। 

নেদারল্যান্ডসকে ২২৯ রানে থামালো বাংলাদেশ

শরিফুল ইসলাম তার শেষ ওভারে নেদারল্যান্ডসের নবম উইকেট তুলে নেন। আগের বলে ছক্কা মেরে আরিয়ান দত্ত মেহেদী হাসান মিরাজের ক্যাচ হোন। পরের ওভারে লোগান ফন বিক মেহেদী হাসানকে টানা দুটি চার মারেন। তৃতীয় বলে আরও একটি ছক্কা হাঁকান তিনি। শেষ বলে ফন মিকেরেনকে এলবিডব্লিউ করে গুটিয়ে দেয় বাংলাদেশ। শেষ ওভারে ১৭ রান তুলে নেয় ডাচরা। তাতে সংগ্রহ দাঁড়ায় ২২৯ রান। বাংলাদেশের লক্ষ্য ২৩০ রান। 

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন শরিফুল, তাসকিন, মোস্তাফিজ, মেহেদী।

ডাচদের অষ্টম উইকেট তুলে নিলো বাংলাদেশ

৪৮তম ওভারে মেহেদী হাসানের বলে শারিজ দুটি রান নিতে গিয়ে উইকেট দিয়ে এলেন। ডিপ থেকে মাহমুদউল্লাহর থ্রোতে মুশফিকুর রহিম স্টাম্প ভেঙে দেন। ৬ রানে থামেন ডাচ ব্যাটার। নেদারল্যান্ডস ১৯৪ রানে হারালো ৮ উইকেট।

৫ বলের মধ্যে দুই উইকেট পেলো বাংলাদেশ

দুই সেট ব্যাটারকে ৫ বলের মধ্যে ফেরালো বাংলাদেশ। ৪৫তম ওভারে মোস্তাফিজুর রহমান আউট করেন স্কট এডওয়ার্ডস। পরের ওভারে মেহেদী হাসান এলবিডব্লিউ করেন এঙ্গেলব্রেখটকে। ৩৫ রান করেন তিনি। কোনও রান যোগ না হতেই দুটি উইকেট পড়লো ডাচদের। ১৮৫ রানে তাদের ৭ উইকেট নেই।

এডওয়ার্ডসকে ফেরালেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান বড় উইকেট তুলে নিলেন। ৪৫তম ওভারে স্লোয়ার ডেলিভারিতে স্কট এডওয়ার্ডসকে পয়েন্টে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান বাঁহাতি কাটার মাস্টার। ৮৯ বলে ৪ ছয়ে ৬৮ রান করেন ডাচ অধিনায়ক। এঙ্গেলব্রেখটের সঙ্গে ৭৮ রানের সেরা জুটি গড়েন এডওয়ার্ডস।

ডাচদের হয়ে লড়াই করছেন এডওয়ার্ডস

এঙ্গেলব্রেখটের সঙ্গে এডওয়ার্ডস পঞ্চাশ ছাড়ানোর জুটি গড়ার পাশাপাশি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। ১৫তম ফিফটিতে তিনি ছাড়িয়ে গেছেন রায়ান টেন ডেসকাটসকে। ওয়ানডেতে পঞ্চাশের বেশি রান এখন তার। ৪১তম ওভারে শরিফুল ইসলামের তৃতীয় বলে দুটি রান নিয়ে ফিফটি করেন নেদারল্যান্ডস অধিনায়ক।  

বাস ডি লিডকে আউট করে ৪৪ রানের জুটি ভাঙলেন তাসকিন

৬৩ রানে চতুর্থ উইকেট পড়ার পর জুটি গড়েছিলেন বাস ডি লিড ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এই জুটিতে একশ পার হয় দলের স্কোর। ২৭তম ওভারে এসে ৪৪ রানের এই জুটি ভেঙেছেন পেসার তাসকিন। বল ডি লিডের ব্যাটের কানায় লেগে জমা পড়ে মুশফিকের গ্লাভসে। শুরুতে বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিয়ে সফল হয়েছে বাংলাদেশ। বাস ডি লিড ১৭ রানে আউট হয়েছেন।   

এডওয়ার্ডসকে জীবন দিয়েছেন লিটন-মুশফিক

১৬তম ওভারের কথা। তখন পঞ্চম উইকেটটিও পেতে পারতো বাংলাদেশ। তাহলে ডাচদের আরও চেপে ধরা যেত। কিন্তু মোস্তাফিজের বলে দুবার জীবন পেয়েছেন ডাচ অধিনায়ক। শুরুতে গালিতে ক্যাচ ফেলেছেন লিটন দাস। তার পর গ্লাভসে বল জমাতে পারেননি মুশফিকুর রহিম।  

মোস্তাফিজ-সাকিবের আঘাতে আবারও চাপে পড়ে নেদারল্যান্ডস। মোস্তাফিজের পর সাকিবের আঘাতে আবার চাপে নেদারল্যান্ডস

বারেসিকে আউট করার পরের ওভারে অ্যাকারম্যানকেও থিতু হতে দেননি সাকিব। তার স্পিনে সুইপ করতে গিয়ে ১৫ রানে মোস্তাফিজের কাছে ক্যাচ দিয়েছেন এই ব্যাটার।

বারেসি-অ্যাকারম্যানের জুটি ভাঙলেন মোস্তাফিজ

৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল নেদারল্যান্ডস। শুরুর ধাক্কার পর অবশ্য প্রতিরোধ গড়ে খেলছিলেন ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যান। ৫৯ রানের জুটিও গড়েন তারা। পাওয়ার প্লেতে তাদের জুটিতে যোগ হয়েছে ৪৭ রান। আক্রমণে এসে ১৪তম ওভারে এই জুটি ভেঙে স্বস্তি ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪১ বলে ৮ চারে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন বারেসি। তাকে ৪১ রানে সাকিবের তালুবন্দি করিয়েছেন কাটার মাস্টার।

শরিফুল-নেদারল্যান্ডস তাসকিনের পরের ওভারে উইকেট নিলেন শরিফুল

ওপেনার বিক্রমজিতকে আউট করে শুরুতে ডাচদের চাপে ফেলার চেষ্টায় সফল বাংলাদেশ। তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেটটি তুলে নেন শরিফুল। শরীরের অনেক বাইরের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন ওপেনার ম্যাক্স ও’ডাউড। তাতে রানের খাতা খুলবার আগেই আউট হয়েছেন ডাচ ব্যাটার।    

দ্বিতীয় ওভারেই তাসকিনের আঘাত

চোটের কারণে শেষ দুই ম্যাচে ছিলেন না তাসকিন আহমেদ। ডাচদের বিপক্ষে ফিরেই নিজের দক্ষতা দেখালেন এই পেসার। দ্বিতীয় ওভারে বিদায় দিয়েছেন ডাচ ওপেনার বিক্রমজিৎ সিংকে (৩)। ফ্লিক করতে গেলে বল লিডিং এজ হয়ে উঠে যায় আকাশে। ক্যাচটি নিয়েছেন সাকিব।  

টস জিতেছে নেদারল্যান্ডস, বাংলাদেশ দলে দুই পরিবর্তন

বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং নিয়েছে নেদার‌ল্যান্ডস। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। দলে ঢুকেছেন শেখ মেহেদী ও তাসকিন আহমেদ। 

বিশ্বকাপে দুই দলই একই অবস্থানে। ৫ ম্যাচে হেরেছে চারটি। জয় একটি করে। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। 

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলে বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আমহেদ, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন। 

তেত্রিশ বছর পর ইডেনে খেলছে বাংলাদেশ 

ইডেনে তেত্রিশ বছর পর নিজেদের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। কলকাতার এই মাঠে বাংলাদেশ এর আগে একটি ওয়ানডে খেলেছে। ১৯৯০ এশিয়া কাপের সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭১ রানে হেরেছে তারা। ৩৩ বছর পর সেমিফাইনালের লক্ষ্য নিয়ে আরও একবার বাংলাদেশ খেলতে নামছে। 

বিশ্বকাপে এর আগে একবারই নেদারল্যান্ডসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের। ২০১১ বিশ্বকাপে সহ-আয়োজক বাংলাদেশ চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারিয়েছে। তবে দলটির বিপক্ষে ওয়ানডেতে হারও আছে বাংলাদেশের। বিশ্বকাপের বাইরে এই ফরম্যাটে একবারের সাক্ষাতে ২০১০ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেট হারিয়ে দিয়েছিল ডাচরা। 

/এফআইআর/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম