ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির উত্থানটা সিনেমার মতো। সেটা অনুভব করা যায় তার বায়োপিক দেখলেও। ভারতের জাতীয় দলে আসার আগে তিনি রেলওয়ের হয়ে খেলার পাশাপাশি পশ্চিম বঙ্গের খড়গপুরে টিকিট চেকার ছিলেন। সেই সময়ই বাংলা ভাষাটা শিখে নিয়েছিলেন তিনি। যে দক্ষতা পরে কাজে লাগিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সময়।
সম্প্রতি একটি ইভেন্টে কলকাতায় বাণিজ্যিক দূত হয়ে গিয়েছিলেন ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তখন ক্রিকেট নিয়ে অতীতের একটি ঘটনার কথা বলতে গিয়ে বাংলা ভাষার বিষয়টি উঠে আসে। সামাজিক মাধ্যমে সেই ভিডিওতে ধোনিকে বলতে দেখা যায়, ‘খড়গপুরে রেলওয়ের হয়ে চাকরি করার সময় বাংলা খুব ভালো বুঝতাম। এখনও বলতে পারবো কিন্তু ভুল-ভাল হয়তো বলবো, তখন অনেকের খারাপ লাগবে। তবে আমি বাংলা খুবই ভালো বুঝি। আশে পাশে বললেও আমি সেটা বুঝতে পারবো।’
তার পর বাংলাদেশে খেলতে আসার সময়ের একটি ঘটনা উল্লেখ করেন তিনি। তার বাংলা দক্ষতার কথা বুঝতে পেরে বাংলাদেশ দলের অনেকেই অবাক হয়েছিলেন, ‘‘বাংলাদেশে আমরা ম্যাচ খেলছিলাম। কিন্তু ওরা জানতো না আমি বাংলা বুঝি। কিপার ফাস্ট বোলারকের নির্দেশনা দিচ্ছিল। ফলে শুরুতেই বুঝতে পারছিলাম ওরা কী ডেলিভারি করতে যাচ্ছে। ম্যাচের পর ওরা যখন কথা বলছিল, আমার প্রতিক্রিয়া দেখে বলেছিল, ‘এতো বাংলা বুঝতে পারে।’’









