চলতি মাসেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের। কিন্তু ডোনাল্ডের মতো তিনিও বাংলাদেশের সাথে নতুন করে চুক্তি করছেন না। বাংলাদেশের ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন তিনি। শ্রীনিবাস নিজেই এই খবর জানিয়েছেন।
২০১৮ সালে সাকিব-তামিমদের সাথে কাজ শুরু করেছেন শ্রীনিবাস। সবমিলিয়ে প্রায় পাঁচ বছর বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করা এই ভারতীয় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকালকের (১১ নভেম্বর) ম্যাচের পর বাংলাদেশের ক্রিকেটকে বিদায় বলবো। বাংলাদেশের সাথে পুরো সময়টা ছিল শেখার, স্মৃতির ও উত্থান-পতনের। ব্যাপারগুলো বাকি জীবন আমাকে তৃপ্তি দেবে।’
বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আরও বলেছেন, ‘আমাকে সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, খেলোয়াড়, কোচ ও অধিনায়কদের ধন্যবাদ দিতে চাই, যারা আমার প্রতি বিশ্বাস রেখেছে এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে।’
দলের প্রতি ক্রিকেট সমর্থকদের সমর্থন দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন শ্রীনিবাস, ‘মিডিয়া এবং ভক্তদের কাছে গত কয়েক সপ্তাহ একটি কঠিন সময় ছিল। কিন্তু আমি নিশ্চিত যে ছেলেরা ঘুরে দাঁড়াবে! আপনারা সবসময় তাদেরকে সমর্থন করতে থাকুন।’
সবশেষে এই অ্যানালিস্ট লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রাখবে এবং আমি দলের উন্নতির খোঁজ গভীরভাবে রাখবো।’









