মিকি আর্থারকে সরিয়ে টিম ডিরেক্টর করা হয় মোহাম্মদ হাফিজকে। বৃহস্পতিবার তাকে এই দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরের দিন দুপুরের দিকে খবর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের প্রধান কোচও হচ্ছেন তিনি। এই তথ্য জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।
ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় তিন টেস্ট ও নিউজিল্যান্ডের পাঁচ টি-টোয়েন্টিতে দ্বৈত ভূমিকা পালন করবেন হাফিজ। সম্প্রতি তিনি পিসিবি ক্রিকেট টেকনিক্যাল কমিটির অংশ ছিলেন।
ভারতের বিশ্বকাপে ৯ ম্যাচে পাঁচ হারের পর টিম সেটআপে পরিবর্তন আনছে পিসিবি। সব কোচদের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করতে বলা হয়েছে। একই সঙ্গে আসন্ন সিরিজের জন্য নতুন কোচিং স্টাফ ঘোষণা করছে বোর্ড।
কদিন আগে বোলিং কোচ মর্নে মরকেল ছয় মাসের চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন।









