ব্যাটে-বলে হার্দিক পান্ডিয়া কেমন, সেটা নতুন করে না বললেও চলে। যোগ্য অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপের প্রথম চার ম্যাচেই একাদশে ছিলেন তিনি। চোটের কারণে শেষ হয়ে যায় বিশ্বকাপ স্বপ্ন। ভাগ্য সঙ্গে থাকলে রবিবার মোতেরার ফাইনালে ভারতের জার্সিতে নিশ্চিতভাবে তাকে দেখা যেতো। হয়তো এই ম্যাচে দর্শক সারিতে থেকে দলকে উজ্জীবিত করে যাবেন তিনি। তার আগেই দলকে অনুপ্রাণিত করে রাখলেন এক ভিডিও বার্তায়।
প্রথম তিন ম্যাচে পাঁচ উইকেট নেন হার্দিক। বাংলাদেশের বিপক্ষে চোট পাওয়ার দিনে ছিলেন উইকেটশূন্য। তারপর বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। বর্তমানে সেরে ওঠার লড়াই করছেন এই ৩০ বছর বয়সী অলরাউন্ডার। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজও শেষ হয়ে গেছে তার। তবে মাঠের বাইরে তার বসে থাকার দুঃখ ভুলিয়ে দিতে পারেন রোহিত শর্মারা, ট্রফি জিতে।
সামাজিক মাধ্য়মে রোহিতদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন হার্দিক, ‘আমি দলের জন্য গর্বিত। এখন পর্যন্ত আমরা যা কিছু করতে পেরেছি, তার পেছনে রয়েছে গত কয়েক বছরের কঠোর পরিশ্রম। বিশ্ব জয় থেকে আর এক ধাপ দূরে আছি আমরা। ছেলেবেলা থেকে স্বপ্নে দেখেছি, বিশেষ কিছু করে দেখানোই লক্ষ্য ছিল।’
এরপরই সতীর্থদের হাতে ট্রফি দেখার বাসনা প্রকাশ করেছেন তিনি, ‘শুধু নিজেদের জন্য নয়, আমাদের সমর্থনে চিৎকার করা কোটি কোটি মানুষের জন্য লড়তে হবে। তাদের জন্য ট্রফিটা জিততে হবে। তোমাদের প্রতি আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। এবার বিশ্বকাপটা ঘরে নিয়ে এসো। জয় হিন্দ।’
বিশ্বকাপ ইতিহাসে এনিয়ে চতুর্থবার ফাইনালে ভারত। টানা ১০ জয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে তারা। প্রতিপক্ষ ২০০৩ সালে তাদের স্বপ্নভাঙা অস্ট্রেলিয়া। এবার সেই হারের শোধ তুলে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ভারতের।









