অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নিয়মিতই দেখা যায় রশিদ খানকে। কিন্তু পিঠের ইনজুরিতে আগামী আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টির শীর্ষ র্যাঙ্কধারী আফগান লেগ স্পিনার অ্যাডিলেড স্ট্রাইকার্সের সদস্য। সাত বছর ধরে এই দলটিতেই খেলছেন। নতুন আসরটি শুরু হওয়ার কথা আগামী মাস।
চোট থেকে সুস্থ হতে রশিদের হালকা সার্জারি প্রয়োজন। অ্যাডিলেড স্ট্রাইকার্সের জেনারেল ম্যানেজার টিম নিয়েলসন বিবৃতিতে বলেছেন, ‘রশিদ অ্যাডিলেডের প্রিয় একজন সদস্য এবং ভক্তদেরও প্রিয় খেলোয়াড়। তিনি ক্লাবটিতে সাত বছর ধরে আছেন। কিন্তু এই গ্রীষ্মে তার অনুপস্থিতি ভীষণভাবে অনুভূত হবে।’
২০১৭ সালে বিগ ব্যাশে অভিষেকের পর থেকে স্ট্রাইকার্সের হয়েই খেলেছেন রশিদ। ১৯ বছর বয়সে অভিষেকের পর ৬৯ ম্যাচে ৯৮ উইকেট শিকার করেছেন। সেরা বোলিং ফিগার ৬-১৭।









