সাইড স্ট্রেইনের ব্যথায় এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছেন কাটারখ্যাত মুস্তাফিজুর রহমান। আগামীকাল বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ।
ম্যাচের আগের দিন টাইগার অধিনায়ক মাশরাফি জানালেন, মুস্তাফিজের না থাকা দলের জন্য অবশ্যই বড় ক্ষতি। তিনি বলেন, 'মুস্তাফিজের না থাকা আমাদের জন্য বড় ক্ষতি। ও যেটা দলের জন্য দেয়, সেটা সব সময়ই দলের জন্য অসধারণ কিছু। এটা প্রমাণিত বিষয়।'
মুস্তাফিজ না থাকায় অস্বস্তি থাকলেও, স্বস্তির জায়গাও আছে। কারণ তার জায়গায় দলে ঢুকেছেন ওপেনার তামিম ইকবাল। মাশরাফি বলেন, 'আমি আগেও বলেছি, তামিমের না থাকা সব সময় আমাদের জন্য কিছুটা অস্বস্তিকর ব্যাপার। সব ফরম্যাটে সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। তামিম অনেক দিন ধরে খেলছে, সে অনেক অভিজ্ঞ। তার ফেরাটা অবশ্যই ইতিবাচক।'
মুস্তাফিজ নেই, তাহলে কি চার পেসার খেলানোর নীতি থেকে পরের ম্যাচে সরে আসবে বাংলাদেশ-এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, 'কম্বিনেশনে তো পরিবর্তন হয়েই গেছে। ওর জায়গা নিয়ে খেলার মতো কোনও বোলার এখন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই নেই। আমরা ওর না থাকা নিয়ে এখন আর ভাবছি না। যারা আছে, তাদের সেরাটা নিয়েই আমরা খেলবো।
মুস্তাফিজের জায়গায় রনি আসতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমাদের আসলে এসব নিয়ে আরও ভাবতে হবে। কম্বিনেশন, প্রতিপক্ষ- এসব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি মনে করি মুস্তাফিজের জায়গায় যে আসবে, সে ওর মতোই পারফর্ম করবে, তাহলে এটা খুবই কঠিন ব্যাপার।
/আরআই/এমআর/








