এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে প্রথমে ব্যাট করে ভারতকে ১৩৯ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে হারলে শ্রীলঙ্কা ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়বে। অন্যদিকে জিতলে ফাইনাল নিশ্চিত হবে ভারতের।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে লঙ্কানরা। খেলার শুরুতে চান্দিমালকে (৪) ফেরান নেহরা। ২.২ ওভারে দলীয় ৬ রানে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ১৫ রানে আউট হন শেহান জয়সিুরিয়া (৩)। তাকে আউট করেন বুমরাহ।
এরপরে আঘাত হানেন হার্দিক পান্ডে। ৬.১ ওভারে দলীয় ৩৩ রানে পান্ডের বলে জাদেজার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন দিলশান (১৮)। দলীয় ৫৭ রানে পান্ডের বলে আউট হন ম্যাথুস (১৮)। ফলে ৫৭ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা।
সিরিবর্ধনে ও কাপুগেদারার কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন। ১৬.১ ওভারে দলীয় ১০০ রানে সাজঘরে ফিরেন সিরিবর্ধনা (২২)। ওই ওভারের শেষ বলে রানআউটের শিকার হন দাসুন শানাক (১)। এরপরে ফিরে যান কাপুগেদারাও। তবে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৩০ রান করেছেন তিনি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বুমরাহ, অশ্বিন ও পান্ডে। ম্যাচ জিততে ধোনি-কোহলিদের প্রয়োজন ১৩৯ রান।
/এমআর/








