ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিংয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পেসার শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের। এই তিন বোলারের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন শরিফুল।
ঢাকা টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। মিরপুরের স্পিন বান্ধব উইকেটে পেসার শরিফুল ইসলাম ভালো বোলিং করেছেন। খুব বেশি বোলিং না করেও দুই ইনিংস মিলিয়ে তিন উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি। এমন বোলিংয়ের পর আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদে ৫৮তম স্থানে আছেন ২২ বছর বয়সী বাঁহাতি পেসার।
প্রথম ইনিংসে ২টি উইকেট নিয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪ তম স্থানে অবস্থান করছেন অফ স্পিনার নাঈম। দুই ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজও। এছাড়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আগের অবস্থান ধরে রেখেছেন। ঢাকা টেস্টে ৫ উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে আছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। বোলারদের তালিকায় ভারতের রবিচন্দ্রন অশ্বিন আর অলরাউন্ডাদের র্যাঙ্কিংয়ে স্বদেশী রবীন্দ্র জাদেজা শীর্ষস্থান ধরে রেখেছেন।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন সূর্যকুমার যাদব। বোলারদের তালিকার শীর্ষে আছেন আরেক ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণয়। অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
টি-টোয়েন্টির মতো ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন সাকিব। ওয়ানডেতে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে আছেন ভারতের শুবমান গিল। এছাড়া বোলারদের তালিকায় শীর্ষে আছেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ।









