সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর মানেই একরাশ হতাশার গল্প। তাসমান পাড়ের দেশে দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রবিবার ভোররাত থেকে। বাংলাদেশ দল এই সিরিজে ভালো করতে মুখিয়ে আছে। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামও সমীহ করছে বাংলাদেশকে।
গত কয়েক বছরে নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাটে ৩৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত বছর ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে কিউইদের হারিয়ে পরাজয়ের শিকল ভেঙেছে বাংলাদেশ। রঙিন পোশাকে কিউইরা এখনও অপ্রতিরোধ্য, তবুও বাংলাদেশের বিপক্ষে এই দুই সিরিজকে তারা দেখছে চ্যালেঞ্জ হিসেবে। ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।
নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথাম বলেছেন, ‘তাদের বিপক্ষে এই কন্ডিশনে গত কয়েক বছরে আমরা বেশ কয়েকবার খেলেছি। ব্যাটিংয়ে তাদের কিছু ক্রিকেটারকে আমাদের এখনও খেলা হয়নি। দারুণ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এটি (সিরিজ)।’
বাংলাদেশকে সমীহ করলেও কিউই অধিনায়কের চিন্তায় জয় ছাড়া কিছু নেই, ‘সব ম্যাচই তো আপনি জেতার জন্য খেলবেন। তবে আমাদের চিন্তা হচ্ছে আমরা যতটা পারি যেন নিজেদের খেলার ধরনটা বজায় রেখে খেলি।’
শিরোপার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলা দলটি সেমিফাইনাল থেকে বিদায় নেয়। ওই ব্যর্থতার মাঝেও সেখান থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে সিরিজ খেলতে মুখিয়ে ল্যাথামরা, ‘বিশ্বকাপের পর অনেক সময় হয়তো আপনি নতুন কিছু চিন্তাভাবনা করবেন, অনেক কিছু করতে চাইবেন। বিশ্বকাপ থেকে অনেক ইতিবাচক দিকও আছে নেওয়ার মতো, যেভাবে আমরা আমাদের ওয়ানডে ক্রিকেটটা খেলতে চাই। আমাদের জন্য এটাই বড় ব্যাপার।’









