সাকিব আল হাসান দলে থাকলে বাড়তি একজন ব্যাটার কিংবা বোলারকে খেলানোর সুযোগ থাকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কাছে। কিন্তু বাঁহাতি অলরাউন্ডার না থাকলে বরাবরই কম্বিনেশন সাজানো কঠিন হয়ে পড়ে। নিউজিল্যান্ড সিরিজে সাকিব নেই। তার অভাব সৌম্য সরকারকে দিয়ে পূরণ করতে চান নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গত মাসে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান সাকিব। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। নিউজিল্যান্ড সফর দিয়েই দুই সংস্করণের জাতীয় দলে ফিরেছেন সৌম্য। ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু না করেই তিনি জায়গা পেয়েছেন দলে।
হুট করে দলে ফিরলেও তাকে সাকিবের ভূমিকাতে দেখা যাবে বললেন শান্ত, ‘আলাদা কোনও ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না। দলের সবাই গুরুত্বপূর্ণ। তবে সৌম্যর দায়িত্বটা গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সঙ্গে তার বোলিংটাও খুব জরুরি। যেহেতু সাকিব ভাই নেই, তাই (সৌম্যর) ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও দরকার। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্ট এই কথা চিন্তা করেই তাকে দলে নিয়েছে। এর সঙ্গে অভিজ্ঞতা তো আছেই।’
নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা ভালোই আছে সৌম্যর। চলতি সফরের আগে পাঁচ দফায় নিউজিল্যান্ডে খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে ওই দেশে ২০ ম্যাচে তিন হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে করেছেন ৬৩৩ রান। বল হাতে ১৪ ইনিংসে তার শিকার ৪ উইকেট।









