বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। তারপর নতুন নির্বাচক কমিটি আসবে নাকি পুরোনোতেই আস্থা রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? এসব নিয়ে বিস্তর আলোচনা চলছে। এরই মধ্যে বোর্ড সভাপতি জানালেন, নতুন কেউ আসলেও তাকে যে সাবেক ক্রিকেটার হতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। নির্বাচন প্যানেলে জায়গা পেতে হলে কী জাতীয় দলের খেলোয়াড় হতে হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই রকম আসলে কিছু নেই।’
মিনহাজুল আবেদীন নান্নু লম্বা সময় ধরে নির্বাচক প্যানেলে। ২০১৫ সাল থেকে তিনি প্রধান নির্বাচক। দীর্ঘদিন ধরে দায়িত্ব থাকা সাবেক এই অধিনায়ক নানা সময়ে হয়েছেন সমালোচিত। বিসিবি প্রধান পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখতে চান, 'পরিবর্তন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। লম্বা সময় হয়েছে। সবসময়ই পরিবর্তন হওয়াটা ভালো। কিন্তু কাউকে মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া, এটা খুব খারাপ দৃষ্টান্ত তৈরি করবে।’
কারা হতে পারেন নির্বাচক প্যানেলের সদস্য, এমন প্রশ্নে বোর্ড প্রধান বলেছেন, ‘আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। উনারা দেখবেন কারা কারা আগ্রহী, সঙ্গে ওদের অগ্রাধিকার কী। সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে। সেখান থেকে আমরা বাছাই করবো। আসলে কে কে হবে, কে আসবে, এই মুহূর্তে এটা বলা খুব কঠিন। তবে কারও যদি ইচ্ছা থাকে, তাহলে সে আগ্রহ প্রকাশ করতে পারে। কোনও সমস্যা নেই।’









