গত আইপিএলে নতুন নিয়ম হিসেবে ইম্প্যাক্ট প্লেয়ার সংযুক্ত করা হয়। এবারও নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। ব্যাটে-বলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে যাচ্ছে। আগামী আইপিএলে বোলার এক ওভারে দুটি বাউন্সার দিতে পারবেন। প্লেয়িং কন্ডিশনে এই পরিবর্তন আনার আগে এক ওভারে দুটি বাউন্সারের নিয়ম পরীক্ষামূলকভাবে হয়েছিল ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে সৈয়দ মুশতাক আলী ট্রফির সবশেষ আসরে।
এত দিন ওভার প্রতি একটা বাউন্সার দেওয়ার নিয়ম ছিল। মানে আরেকটি বাউন্সার দিলেই নো বল ডাকা হতো। ব্যাটাররা নিশ্চিত হয়ে যেতেন, আর কোনও বাউন্সারের মুখোমুখি তাকে হতে হবে না। কিন্তু আইপিএলের নতুন নিয়ম তাদের স্বস্তি কেড়ে নিতে যাচ্চে। তবে পেসারদের জন্য এটা খুশির খবর। তারা বোলিংয়ে আরও বৈচিত্র আনতে পারবেন।
৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে এবারের নিলামে অংশ নিতে যাওয়া জয়দেব উনারকাট এই পরিবর্তনকে স্বাগত জানালেন। এই বাঁহাতি পেসার বলেছেন, ‘আমি মনে করি এক ওভারে দুটি বাউন্সার খুব ভালো হবে। এটা ব্যাটারদের বিরপক্ষে বোলারদের সুবিধা দেবে। ধরুন, কোনও পেসার স্লোয়ার বাউন্সার দিলে ব্যাটার বুঝেই যেতো সেই ওভারে আর বাউন্সার আসবে না। এবার তারাও সতর্ক থাকবে। বোলাররা ওভারের শুরুতে একটা বাউন্সার দিলেও আর একটা দেওয়ার বিকল্প খোলা থাকছে।’
আইপিএলের গত আসরে চালু হওয়া ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম এবারও থাকছে। মানে একাদশের সঙ্গে অতিরিক্ত চারজন খেলোয়াড় তালিকায় রাখতে পারবে প্রতিটি দল। এই চার বদলি খেলোয়াড়ের মধ্য থেকে যে কোনও একজনকে ব্যবহার করা যাবে।









