শুরু হয়ে গেলো আইপিএলের মিনি অকশন। প্রথমবার ভারতের বাইরে হচ্ছে এই নিলাম অনুষ্ঠান। এতদিন ধরে নিলামে শুধু দলগুলোর প্রতিনিধিরা হাজির থাকতেন। এবার দর্শকদেরও প্রবেশাধিকার দেওয়া হয়েছে। দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় নিলাম করছেন মল্লিকা সাগর, এই প্রথমবার কোনও নারী হাতুড়ি হাতে নিয়েছেন।
আইপিএল নিলামের আপডেট-
ঘণ্টাখানেকের মধ্যে প্যাট কামিন্সের সবচেয়ে দামি খেলোয়াড়ের মর্যাদা কেড়ে নিয়েছেন তার সতীর্থ মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গেছেন।
রেকর্ড ভাঙার পরে বিরতির আগ পর্যন্ত বোলার সেটে আর কোনও খেলোয়াড় কেনাবেচা হয়নি। অবিক্রিত থেকেছেন আফগানিস্তানের ওয়াকার সালামখেইল, ইংল্যান্ডের আদিল রশিদ, ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, নিউজিল্যান্ডের ইশ সোধি, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও আফগানিস্তানের মুজিব উর রহমান।
উইকেটকিপার সেটে ইংল্যান্ডের ফিল সল্ট, অস্ট্রেলিয়ার জশ ইংলিস, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস থেকেছেন অবিক্রিত। এই দফায় দক্ষিণ আফ্রিকার ট্রিস্টার স্টাবসকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ভারতের শ্রীকর ভরতকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।
নিউজিল্যান্ডের বোলার লকি ফার্গুসন অবিক্রিত থেকেছেন। ৫০ লাখ ভিত্তিমূল্যে ভারতীয় বোলার চেতন সাকারিয়াকে নিয়েছে কলকাতা।
২ কোটি রুপি ভিত্তিমূল্যে এবারের নিলামে অংশ নিয়েছেন ক্রিস ওকস। ইংল্যান্ডের অলরাউন্ডারকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের লড়াই হয়। ৪ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে পাঞ্জাব।
ভারতীয় পেসার হার্শাল প্যাটেলকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে নিলো পাঞ্জাব কিংস। নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে নজর কাড়া অলরাউন্ডার ড্যারেল মিচেলের দাম ১৪ কোটি রুপি, তাকে কিনেছে চেন্নাই সুপার কিংস। একই ক্লাবে ৪ কোটি রুপিতে গিয়েছেন শার্দুল ঠাকুর।
২ কোটি রুপি ভিত্তিমূল্যের দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেরাল্ড কোয়েটজি ৫ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন।
চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করে ২০ কোটি ৫০ লাখ রুপিতে পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ভেঙে দিয়েছেন সর্বোচ্চ দামের রেকর্ড। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
ওয়ানডে বিশ্বকাপে নজর কেড়েছিলেন রাচিন রবীন্দ্র। আইপিএল নিলামের আগে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারকে নিয়ে তাই সরব ছিল গণমাধ্যম। দল পেয়েছেন রাচিন। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ১ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই তারকাকে। প্রথমদিকে দিল্লি ক্যপিটালস দরদাম করে চেন্নাইয়ের সঙ্গে। তারা সরে দাঁড়ালে তাতে যোগ দেয় পাঞ্জাব কিংস।
ভারতীয় পেসার শার্দুল ঠাকুরকে ৪ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য দিয়ে আফগানিস্তান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে পেয়েছে গুজরাট টাইটান্স।
২০২২ সালের নিলামের প্রথম দিন রেকর্ড গড়ে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তাকে ছেড়ে দিয়েছে ক্লাবটি। ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা শ্রীলঙ্কান অলরাউন্ডারের এবারের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ৫০ লাখ রুপি। তাকে প্রথম ও শেষ ডাক দেয় হায়দরাবাদ, ভিত্তিমূল্যেই বিক্রি হলেন তিনি।
ভারতের বিপক্ষ ফাইনালে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতান ট্র্যাভিস হেড। নিলামে তাকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয় সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে পেয়েছে হায়দরাবাদ।
ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুককে মাত্র ৪ কোটি রুপিতে কিনেছে দিল্লি। ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল তার। তাকে নিতে লড়াইয়ে ছিল রাজস্থান।
প্রথম সেটে অবিক্রিত ছিলেন মানিষ পান্ডে, স্টিভ স্মিথ, রাইলি রুসো, করুন নায়ার।
নিলামে প্রথম ডাকেই রভম্যান পাওয়েলকে নিয়ে কাড়াকাড়ি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। ১ কোটি ভিত্তিমূল্য ছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। তাকে শেষ পর্যন্ত ৭ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান। একসময় কলকাতাতে খেলেছেন পাওয়েল। সবশেষ তিনি খেলেন দিল্লির হয়ে।
এবারের আইপিএলে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সব ক্রিকেটারদের ছুটি দিয়েছে। বাংলাদেশের তিন ক্রিকেটারের নাম নিলামের চূড়ান্ত তালিকাতে থাকলেও বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। কেবল মোস্তাফিজুর রহমান আছেন।









