শুরু হয়ে গেলো আইপিএলের মিনি অকশন। প্রথমবার ভারতের বাইরে হচ্ছে এই নিলাম অনুষ্ঠান। এতদিন ধরে নিলামে শুধু দলগুলোর প্রতিনিধিরা হাজির থাকতেন। এবার দর্শকদেরও প্রবেশাধিকার দেওয়া হয়েছে। দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় নিলাম করছেন মল্লিকা সাগর, এই প্রথমবার কোনও নারী হাতুড়ি হাতে নিয়েছেন। আর এই দিনে রেকর্ড ভেঙে দিয়েছেন প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক কামিন্সকে নিয়ে হইচই পড়ে গেলো এবারের আইপিএল মিনি অকশনে। বিশ্বকাপে ভারতকে নিস্তব্ধ করে দেওয়া এই অজি তারকাকে প্রথম ডাক দেয় চেন্নাই। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে লড়াইয়ে দাম বেড়ে যায় ৪ কোটি রুপিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যোগ দেয়। দাম ৭ কোটি ৮০ লাখ রুপি উঠতে বেরিয়ে যায় চেন্নাই। যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। তারা দাম হাঁকায় ১৭ কোটি রুপি। একসময় স্যাম কারানের ১৮ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড ভেঙে আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে যান কামিন্স। বেঙ্গালুরু শেষ পর্যন্ত লড়েছে, তাতে দাম ২০ কোটি রুপি ছাড়িয়ে যায়। ২০ কোটি ২৫ লাখ রুপির পর আর পেরে ওঠেনি। শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ রুপিতে হায়দরাবাদ কিনে নেয় তাকে। যদিও ঘণ্টাখানেকের মধ্যে কলকাতা ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে কিনে সর্বকালের দামের রেকর্ড ভেঙে দেয়।
ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত হতে গত আইপিএল খেলেননি কামিন্স। ২০২২ সালে তাকে ৭ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। একই দলের হয়ে ২০২০ ও ২০২১ সালেও খেলেন অজি পেসার। তিন বছর আগে তাকে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। এই দলটির হয়ে ২০১৪ সালে আইপিএল ক্যারিয়ার শুরু হয় তার। মাঝে ২০১৭ সালে দিল্লি ক্যাপিটালস ও ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলেন।
আইপিএলে কামিন্সের পারফরম্যান্স সন্তোষজনক। ৪২ ম্যাচে ৮.৫৪ ইকোনমি রেটে ৪৫ উইকেট নিয়েছেন এই পেসার।
এবারের আইপিএলে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সব ক্রিকেটারদের ছুটি দিয়েছে। বাংলাদেশের তিন ক্রিকেটারের নাম নিলামের চূড়ান্ত তালিকাতে থাকলেও বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। কেবল মোস্তাফিজুর রহমান আছেন।









