জনাথন ট্রট আসার পর থেকে দারুণ সব সাফল্য পাচ্ছে আফগানিস্তান। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ স্মরণীয় করেছে তারা। ফলশ্রুতিতে ইংলিশ কোচের সঙ্গে চুক্তি নবায়ন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৫০ ওভারের বিশ্বকাপ ষষ্ঠ স্থানে থেকে শেষ করেছে আফগানিস্তান। সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছে। অস্ট্রেলিয়াকেও ভড়কে দিয়েছিল তারা।
৪২ বছর বয়সী কোচের অধীনে আফগানিস্তান পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে এবং বাংলাদেশকে ওয়ানডে সিরিজেও হারিয়েছে।
২০২৪ সালের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে এসিবি। এক বিবৃতিতে তারা জানায়, ‘এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সফল ১৮ মাসের অধ্যায় শেষে, এই সময়ে তিনি দলের উন্নতি ও অগ্রগতিতে দারুণ অবদান রেখেছেন।’
আফগানিস্তান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এই মাসের শেষ দিকে ভারতে ২০ ওভারের তিনটি ম্যাচও খেলবে তারা।
তারপর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে অংশ নেবে আফগানরা।









