নিউজিল্যান্ড সফরে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তাতে করে ওয়ানডের পর টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়েও চোখে পড়ার মতো অগ্রগতি হয়েছে তার। ওয়ানডেতে ২৪ ধাপ এগিয়েছিলেন। বিশ ওভারের ক্রিকেটে আরও বড় লাফ দিয়েছেন তিনি। এই ফরম্যাটের বোলিং র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ উপরে উঠেছেন শরিফুল।
নিউজিল্যান্ডে ১-১ এ ড্র হওয়া টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় হন বাঁহাতি পেসার। র্যাঙ্কিং তালিকায় তিনি এখন অবস্থান করছেন ৫৬ নম্বরে। তিন ম্যাচের সিরিজে ছয় উইকেট নেওয়া শরিফুলের মোট পয়েন্ট ৪৬২।
শরিফুলের সতীর্থ পেসার মোস্তাফিজুর রহমান বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে সবশেষ র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। তিন ম্যাচে ৪.৮৯ ইকোনমি রেটে দুটি উইকেট নিয়েছেন কাটার মাস্টার। দেশের শীর্ষ র্যাঙ্কিংধারী বোলার পাঁচ ধাপ লাফিয়ে ৬০৫ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে।
এদিকে নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ছয় ধাপ নেমে ২৮ নম্বরে। তাসকিন আহমেদ (৩৩), হাসান মাহমুদ (৪৩) ও নাসুম আহমেদও (৩৫) নিচে নেমেছেন।









