ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে দুইদিন আগেই ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। তার বদলে দলে সুযোগ পেয়েছেন তামিম ইকবাল। বুধবার পাকিস্তানকে হারিয়ে ফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন জয়ের দিনেও মুস্তাফিজের অভাবের কথা জানালেন অধিনায়ক মাশরাফি।
তিনি বলেন, ‘আজ জেতার পরও মুস্তাফিজকে অনেক মিস করেছি। একটি পরিস্থিতিতে মুস্তাফিজকে খুব প্রয়োজন ছিল। ও একাদশে থাকলে পাকিস্তানের আরও ১৫ রান কম হতো। আমাদের যখন উইকেট প্রয়োজন হয়, তখনই মুস্তাফিজকে ব্যবহার করা হয়। পুরো দলই তাকে মিস করেছে।’
মাশরাফির প্রত্যাশা বিশ্বকাপের আগে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন এই কাটার বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘আমরা খুব আশাবাদী, বিশ্বকাপের আগে মুস্তাফিজ সুস্থ হয়ে ফিরে আসবে।’ মুস্তাফিজ না থাকার পরও পাকিস্তানকে ১৩০ রানে আটকে রাখাকে চ্যালেঞ্জ মানছেন মাশরাফি। তিনি বলেন, ‘পাকিস্তানের মতো দলকে ১৩০ রানে আটকে রাখাটাও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। এই উইকেট আমরা টসে জিতলেও আগে ব্যাটিং নিতাম। সেখানে ওদের চেপে ধরা আমাদের জন্য অনেক কঠিন ছিল।’
মুস্তাফিজের কাজে কিছুটা হলেও করে সফল হয়েছেন তাসকিন। এমনটাই মনে করছেন অধিনায়ক মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুটা তাসকিনের মাধ্যমে হয়েছে। আর শেষটা করেছে আল আমিন। ছেলেরা এই চাপটা নিতে পেরেছে। বিশেষ করে বোলাররা। এটাই আসলে ভালো দল হয়ে উঠার লক্ষণ।’
তিনি আরও যোগ করেন, ‘তাসকিন পুরো টুর্নামেন্টে দুর্ভাগা ছিলো। অনেকগুলো ক্যাচ ড্রপ হয়েছে ওর বলে। তবে আশার কথা হচ্ছে ও মানসিকভাবে শক্তিশালী। এই কারণেই সফল হয়েছে। ’
/আরআই/এমআর/








