আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার আগে থেকেই প্রশ্ন ঘোরাফেরা করছিল, রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম থাকবে তো? ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে তাদের খেলতে দেখা যায়নি। তবুও দুজনের ওপর আস্থা রেখেছে অজিত আগারকারের নির্বাচক কমিটি। ১৬ জনের দলে জায়গা পেয়েছেন দুই তারকা। নেতৃত্ব আছে রোহিতের কাঁধেই।
২০২২ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে সবশেষ টি-টোয়েন্টি খেলেন রোহিত ও কোহলি। তারপর ভারতের এই ফরম্যাটের সিরিজ হলেও তাতে খেলেননি দুজন। ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে থাকেন তারা। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাদের ফেরার প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু তারা বিশ্রাম নেন। তাতে করে জুনের বিশ্বকাপে তাদের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত এই দুই অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে দল ঘোষণা হলো।
তবে বিশ্বকাপের আগে ভারতের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে নেই সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। রুতুরাজ গায়কোয়াড়ও আঙুলের চোটে নেই। এমনকি ইংল্যান্ড টেস্ট সিরিজেও সম্ভবত মাঠের বাইরে থাকবেন তিনি।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সূর্যকুমার ও হার্দিক আইপিএল দিয়ে মাঠে ফিরবেন। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার তৃতীয় ও শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান। সম্প্রতি তার গোড়ালির অস্ত্রোপচার হয়েছে। মাসখানেকের মধ্যে ট্রেনিংয়ে ফিরবেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই কুড়ি ওভারের সংস্করণে ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। আইপিএল খেলেই বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত হবেন ভারতের ক্রিকেটাররা।
হার্দিকসহ প্রথম সারির ১৫ জন খেলোয়াড়কে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে দল সাজানোর পরিকল্পনা ছিল নির্বাচকদের। কিন্তু গত নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের লিগ ম্যাচে লিগামেন্টে আঘাত পাওয়ায় এই অলরাউন্ডারকে রাখতে পারছেন না তারা। তবে বিসিসিআই মেডিক্যাল স্টাফদের মতে, দ্রুত সুস্থ হয়ে উঠবেন হার্দিক। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তার পুনর্বাসন চলছে।
এই সিরিজে ফিট থাকলে হয়তো রোহিতের বদলে হার্দিককে দলের নেতৃত্বে দেখা যেতো। এমনটাই ধারণা করা হচ্ছে।
ইংল্যান্ড টেস্ট সিরিজ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে। আগামী ১১, ১৪ ও ১৭ জানুয়ারি হবে আফগানিস্তান সিরিজ।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, কুলীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার।









