তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকা ও ভারতের ব্যাটিং অর্ডার। প্রথম দিনেই দুই দল সব মিলিয়ে হারায় ২৩ উইকেট! ফল হয়েছে পাঁচ সেশন শেষ হওয়ার আগেই। ভারত ৭ উইকেটে জিতে সিরিজ শেষ করে সমতা ফিরিয়ে। কিন্তু কেপটাউনের নিউল্যান্ডসের পিচ প্রত্যাশিতভাবে হয়েছে প্রশ্নবিদ্ধ। আইসিসি এই পিচ নিয়ে তাদের মূল্যবান মতামত জানালো মঙ্গলবার।
নতুন বছরের অনুষ্ঠিত টেস্টের পিচ নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তারা এটিকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও নিশ্চিত করেছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে না। তাদেরও মতে এই পিচ নিয়ে ন্যায্য মূল্যায়ন করা হয়েছে।
মাত্র ৬৪২ বল খেলা হয়েছে, যা টেস্ট ইতিহাসে ফল হওয়া সবচেয়ে সংক্ষিপ্ততম ম্যাচ। ফাস্ট বোলাররা ম্যাচে আধিপত্য দেখান। নতুন ও পুরোনো বলে সিম মুভমেন্ট ও অসম বাউন্স ছিল। কোনও দলই স্পিনার ব্যবহার করেনি।
দুই দলের অধিনায়ক ডিন এলগার ও রোহিত শর্মার সঙ্গে আলোচনা আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছেন। আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী দুই অধিনায়কই মনে করেন, পিচের মান ভালো ছিল না।
আইসিসির পর্যবেক্ষণ প্রক্রিয়া অনুযায়ী পিচ ও আউটফিল্ডকে ভালো, সন্তোষজনক, অসন্তোষকজন কিংবা অনুপযুক্ত রেটিং দেওয়া হয়। কোনও ভেন্যু অসন্তোষজনক রেটিং পেলে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয় এবং অনুপযুক্ত হলে সেই ভেন্যু পায় তিনটি ডিমেরিট পয়েন্ট।
পাঁচ বছরের জন্য কার্যকর থাকে ডিমেরিট পয়েন্ট। কোনও ভেন্যু এই সময়ে ছয়টি ডিমেরিট পয়েন্ট পেলে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষিদ্ধ হয়। আর ১২টি ডিমেরিট পয়েন্টের জন্য ২৪ মাসের নিষেধাজ্ঞা পেতে পারে।









