বিগ ব্যাশে শুক্রবার মৌসুমের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। তাও আবার ব্যতিক্রমী মাধ্যমে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের আগে হেলিকপ্টারে করে মাঠে নামবেন সদ্য টেস্ট, ওয়ানডে থেকে অবসর নেওয়া জনপ্রিয় এই ক্রিকেটার। শুক্রবার ওয়ার্নারের সিডনি থান্ডার মুখোমুখি হবে সিডনি সিক্সার্সের। যে ম্যাচটির টিকিট এরই মধ্যে শেষও হয়ে গেছে।
ওয়ার্নারের হঠাৎ এভাবে মাঠে আসার কারণ ভাইয়ের বিয়ে। ম্যাচের দিনই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ওয়ার্নারের ভাই। প্রথমে পরিকল্পনায় ছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডের প্রতিবেশী আলিয়াঞ্জ স্টেডিয়ামে নামবে ওয়ার্নারের হেলিকপ্টার। পরে অবশ্য সেটি বাতিল করা হয়। এখন ফেয়ারওয়েল টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যে জায়গায় ‘ধন্যবাদ ডেভ’ লেখা লোগো অঙ্কিত ছিল, সেখানেই নামবে তার হেলিকপ্টার।
যদি আবহাওয়া অনুকূলেই থাকে তাহলে স্থানীয় সময়ে বিকাল ৫টায় পৌঁছাবেন তিনি। ওয়ার্নারের ভাইয়ের বিয়ে অনুষ্ঠিত হবে হান্টার ভ্যালিতে। তার পর চেসনক বিমানবন্দরে হেলিকপ্টারে আরোহন করবেন।
তার প্রতিপক্ষ দলের সতীর্থ শন অ্যাবট মজার ছলেই ওয়ার্নারের এমন আগমন নিয়ে বলেছেন, ‘সে একটু হলিউড ধাঁচের। তাই নয়কি? ডেভিটা ঠিক এমনই।’
কর্তৃপক্ষের প্রশংসা করে শন আরও বলেছেন, ‘আমি ভীষণ আনন্দিত যে তারা ওকে এমনটা করার অনুমতি দিচ্ছে। কারণ আমার মনে হয় এখানে যারা ক্রিকেটের ভক্ত ডেভিড ওয়ার্নারকে বিগ ব্যাশে নিঃসন্দেহে খেলতে দেখতে চায়। তাই আমিও তার বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি। যে অনেক দিন ধরেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন।’









