পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই চোটে সিরিজের বাকি ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন, কোচ গ্যারি স্টিড।
দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হন কেন। এরই মধ্যে তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন। কিন্তু তিন সপ্তাহের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট থাকায় ওই সিরিজকে বেশি গুরুত্ব দিচ্ছে দলটির টিম ম্যানেজমেন্ট। ওই টেস্টে প্রাণভোমরা উইলিয়ামসনের থাকাকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্টিড তাই বলেছেন, ‘টেস্ট ম্যাচ যেহেতু খুব বেশি দূরে নয়, সেটাকেই বেশি প্রাধান্য দিয়ে দেখা হচ্ছে। আমরা চাচ্ছি ওই সিরিজের জন্য সে যেন সুস্থ থাকে।’
এরই মধ্যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নিয়ন্ত্রণে স্বাগতিক নিউজিল্যান্ড। ৫ ম্যাচের সিরিজে তারা এগিয়ে আছে ২-০ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ১৫ বলে ২৬ রান করেছেন তিনি। নিউজিল্যান্ড ওই ম্যাচ জিতেছে ২১ রানে।
ব্যাটিং লাইনে এখন কেনের জায়গা নেবেন টিম সেইফার্ট। স্টিড আগেই জানিয়েছিলেন, ডেভন কনওয়ের জায়গায় এই সিরিজের কোনও এক পর্যায়ে উইকেটকিপারের দায়িত্বও পালন করবেন তিনি।









