চোখের সমস্যা নিয়ে ভুগছেন সাকিব আল হাসান। ভারতে বিশ্বকাপ চলাকালে দুইবার চোখের ডাক্তারের কাছেও গিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি কোনও। বিপিএলের প্রস্তুতির মাঝে আবারও সমস্যায় পড়ার কারণে লন্ডনে গেছেন বাঁহাতি অলরাউন্ডার। ধারণা করা হচ্ছিল, সাকিবকে হয়তো টুর্নামেন্টের শুরুতে পাওয়া যাবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ভিডিও বার্তায় সাকিব নিজেই জানিয়েছেন, পুরো মৌসুমেই রংপুর রাইর্ডাসের হয়ে খেলতে প্রস্তুত আছেন তিনি।
চোখের পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার তার ঢাকায় ফেরার কথা। শুক্রবার বিপিএল শুরু হলেও রংপুর রাইডার্স মাঠে নামবে শনিবার। সাকিবের আগের দল ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে রংপুরের দশম আসরের বিপিএল মিশন।
সাকিবের ভিডিও বার্তাটি নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছে রংপুর রাইডার্স। বিপিএলে শুরু থেকে খেলার বিষয়ে তিনি বলেছেন, ‘হ্যাঁ, সব ঠিক। ডাক্তারের পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন ফ্লাইট ব্যাক। আশা করি কোনও সমস্যা হবে না। প্রথম ম্যাচ থেকেই রংপুরের হয়ে খেলতে পারবো।’
লন্ডন যাওয়ার আগে সাকিব রংপুরের ক্যাম্পে চশমা পরে অনুশীলন করেছিলেন। আগামীকাল দুরুন্ত ঢাকা–কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ দিয়ে বিপিএলের পর্দা উঠবে। একই দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–সিলেট স্ট্রাইকার্স।









