ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়ানো তারকাদের অন্যতম ছিলেন রাচিন রবীন্দ্র। ব্যাটিং অর্ডারে উন্নতি হওয়ার পর বৈশ্বিক এই টুর্নামেন্ট দিয়ে প্রথমবার আসল রাচিনকে দেখা গেছে। তাই আইসিসির বর্ষসেরা ‘ইমার্জিং ক্রিকেটার’ এর স্বীকৃতি পেয়েছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।
এই পুরস্কার জিততে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে, শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা ও ভারতের ব্যাটার যশ্বসী জয়সওয়ালকে। বিশ্বকাপে রাচিনের সংগ্রহ ছিল ৫৭৮ রান।
বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার হয়ে ভীষণ আনন্দিত রাচিন। নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘অবশ্যই এই অনুভূতি বিশেষ। যখন আপনি আইসিসির পক্ষ থেকে কোনও স্বীকৃতি পাবেন সেটা অবশ্যই বিশেষ কিছু।’
ওয়ানডেতে বছর জুড়ে ১০৮.০৩ স্ট্রাইক রেটে ৮২০ রান করেছেন তিনি। নিয়েছেন ১৮ উইকেট। টি-টোয়েন্টিতে অবশ্য ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। ১৮.২০ গড়ে ৯১ রান করেছেন। নিয়েছেন ৫ উইকেট।
এদিকে, আইসিসির বর্ষসেরা অ্যাসোসিয়েট ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার বাস ডি লিড। বিশ্বকাপ বাছাইসহ মূল টুর্নামেন্টে দারুণ অবদান রেখেছেন জাতীয় দলে। ২৬.৪১ গড়ে নিয়েছেন ৩১ উইকেট। ব্যাট হাতে করেছেন ৪২৪ রান। তাতে সেঞ্চুরির পাশাপাশি ছিল একটি হাফসেঞ্চুরি।









