হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনেও ইংল্যান্ডের ওপর ছড়ি ঘোরালো ভারত। প্রথম ইনিংসে সফরকারীদের ২৪৬ রানের জবাবে লিড নিয়ে গেছে ১৭৫-এ, এখনও তিনটি উইকেট তাদের হাতে।
১২৭ রানে পিছিয়ে থেকে শুক্রবারের খেলা শুরু করেছিল ভারত। ৭৬ রানে দিন শুরু করা যশস্বী জয়সওয়াল আর ৪ রান যোগ করতে পারেন। দিনের প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। ৭৪ বলে ১০ চার ও ৩ ছয়ে ৮০ রানের মারকুটে ইনিংস খেলে ফিরে যান জয়সওয়াল। তবে দৃঢ় ব্যাটিংয়ে ইনিংসের ৫৭তম ওভারে লিড নেয় স্বাগতিকরা।
ইংল্যান্ডকে পেছনে ফেলার পথে শুবমান গিল (২৩) ও শ্রেয়াস আইয়ারকে (৩৫) হারায় ভারত।
তারপর লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার ৬৫ রানের জুটিতে ব্যবধান বাড়াতে থাকে ভারত। ১২৩ বলে ৮ চার ও ২ ছয়ে এখন পর্যন্ত ইনিংস সেরা ৮৬ রান করে আউট হন রাহুল।
হাল ধরেন জাদেজা। শ্রীকর ভারতকে নিয়ে ভারতের ইনিংস সাড়ে তিনশ পার করেন তিনি। ভারত ৪১ রান করে রুটের শিকার হন। রবীচন্দ্রন অশ্বিন (১) রান আউট হন দ্রুত।
৩৫৮ রানে সাত উইকেট হারানোর পর অক্ষর প্যাটেল ও জাদেজা ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেন। ৩৫ রানে অপরাজিত আছেন অক্ষর, ১৫৫ বলে ৮১ রানে খেলছিলেন জাদেজা।
৭ উইকেটে ৪২১ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবে ভারত।
অভিষিক্ত স্পিনার টম হার্টলি দুটি উইকেট নিয়েছেন। সমান সংখ্যক উইকেট পেয়েছেন রুট।









