ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্স বল হাতে দাপট দেখালো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৮ উইকেটে ১৩০ রানে আটকে দিয়েছে তারা। বোলিংয়ে জাদু দেখান স্যামিট প্যাটেল।
টসে জিতে সিলেট ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। সিলেট পর্বে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করা লিটন দাস আবারও ব্যর্থ। বেন কাটিংয়ের বলে মাত্র ৮ রান করে এলবিডব্লিউ হন কুমিল্লা অধিনায়ক।
মোহাম্মদ রিজওয়ান ও ইমরুল কায়েসের জুটিতে পাওয়ার প্লে ভালোভাবে শেষ করেছিল কুমিল্লা, ১ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে।
৪৭ রানে ভেঙে যায় এই জুটি। স্যামিট দুর্দান্ত বোলিং করেন। ১ উইকেটে ৫৫ রান করা কুমিল্লা ৭৪ রানে হারায় পাঁচ ব্যাটারকে। টানা তিন ওভারে স্যামিট উইকেট পান। মাঝে তাওহীদ হৃদয় (৯) রান আউট হন। ইংলিশ স্পিনারের শিকার হন রিজওয়ান (১৪), ইমরুল (৩০) ও রোস্টন চেজ (২)।
শেষ দিকে জাকের আলী ও খুশদিল শাহের জুটিতে একশ ছাড়ায় কুমিল্লা। ৩৯ রান তোলেন তারা দুজনে।
শেষ দিকে ১৩ রানের ব্যবধানে তিন উইকেট হারায় চ্যাম্পিয়নরা। রিচার্ড এগারাভা রাখেন বড় অবদান। দুটি উইকেট নেন তিনি।
জাকের ২৯ ও খুশদিল ২১ রানে এনগারাভার শিকার হন। ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে কুমিল্লা।
৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নেন স্যামিট। দুটি উইকেট পান এনগারাভা।









