গতকালকেই প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ত্রিশতকের রেকর্ড গড়েছেন ভারতের তন্ময় আগারওয়াল। রঞ্জি ট্রফিতে কাল অরুণাচল প্রদেশের বিপক্ষে ১৪৭ বলে রেকর্ডটি গড়েছেন তিনি। আগারওয়ালের সামনে সুযোগ ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার ৫০১* রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভাঙার। সেটি হয়নি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ২৬ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে আগের দ্রুততম ত্রিশতকটি ছিল দক্ষিণ আফ্রিকার মার্কো মারাইসের। ২০১৭ সালে তিনি ১৯১ বলে রেকর্ডটি করেছিলেন।
টস জিতে শুরুতে অরুণাচল প্রদেশ ব্যাট করে ১৭২ রানে গুটিয়ে গেছে। জবাবে গতকাল প্রথম ইনিংসে আগারওয়ালের দ্রুততম ত্রিশতকে ভর করে ৪৮.১ ওভারে ৫২৯ রান তুলে হায়দরাবাদ। আগের দিন তিনি ৩৩ চার ও ২১ ছক্কায় ৩২৩ রানে অপরাজিত ছিলেন। শনিবার আরও ৫ ছক্কা যোগ করতে পেরেছেন। শেষ পর্যন্ত থেমেছেন ৩৬৬ রানে।
প্রথম শ্রেণির ক্রিকেটে আগের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের কলিন মুনরোর। ২০১৫ সালে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে অকল্যান্ডের হয়ে ২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। আগারওয়াল এখন সবার উপরে। ২২ ছক্কা নিয়ে তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের শফিকউল্লাহ শিনওয়ারি। তিনি কাবুলের হয়ে ২২টি ছক্কা মেরেছিলেন।
ভারতের ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি যৌথভাবে ধরে রেখেছিলেন ইশান কিশান ও শক্তি সিং। তারা ১৪টি ছক্কা মেরেছিলেন।
ভারতীয়দের মধ্যে প্রথম ইনিংসে আগারওয়ালের ৩৬৬ যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ ইনিংস। তার সঙ্গে আছেন এমভি শ্রীধর। সর্বোচ্চ রানের ইনিংসটি বিবি নিম্বলকারের। ১৯৪৮ সালে রঞ্জি ট্রফিতে ৪৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।









