ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা ভালো হয়নি ভারতের। সুবিধাজনক স্থানে থেকেও হার দেখতে হয়েছে। এবার চোট-আঘাকে শক্তি কমেছে দলের। দ্বিতীয় টেস্টে চোটের কারণে দুই নির্ভরযোগ্য ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলকে পাচ্ছে না স্বাগতিকরা।
হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে হ্যামস্ট্রিংয়ে চোট পান জাদেজা। লোকেশ রাহুল চোট পান ঊঁরুতে। বিসিসিআই জানিয়েছে, আপাতত দুজনে পর্যবেক্ষণে থাকবেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতিতে জানিয়েছে, মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান, বামহাতি স্পিনার সৌরভ কুমার ও অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দলে যুক্ত করা হয়েছে।
উত্তর প্রদেশের বামহাতি স্পিনার সৌরভের এখনও অভিষেক হয়নি। তবে ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরে ভারতের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। সম্প্রতি ভারতের ‘এ’ দলের হয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন সৌরভ। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ইনিংস জয়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি।
ভারতেরর ঘুরে দাঁড়ানোর মিশনে ভীষণভাবে প্রভাব ফেলবে জাদেজা-রাহুলের অনুপস্থিতি। কারণ টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলিও এই টেস্টে নেই। আগেই প্রথম দুই টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট শুরু ২ ফেব্রুয়ারি।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), আবেশ খান, রজত পতিদার, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার।









