সুপার সিক্সে নেপালকে হারিয়ে ভালো শুরুর পরও দুশ্চিন্তায় বাংলাদেশের ক্রিকেটাররা। কেননা শনিবার পাকিস্তানের বিপক্ষে জিতলেই কেবল হবে না, কঠিন সমীকরণ মিলিয়েই সেমিফাইনালের টিকিট কাটতে হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিরা অবশ্য কঠিন সব হিসাব-নিকাশকে দূরে সরিয়ে রেখে জয় তুলে নিতে মুখিয়ে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় দলের অধিনায়ক রাব্বি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে এমন মন্তব্যই করেছেন।
সুপার সিক্সে নেপালকে হারিয়ে বাংলাদেশের বর্তমান নেট রানরেট হয়েছে ০ দশমিক ৩৪৮। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা পাকিস্তানের নেট রানরেট ১ দশমিক ০৬৪। ওই হিসেবে শনিবার পাকিস্তানের বিপক্ষে একটা নির্দিষ্ট ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। এমন এক ব্যবধানে জয় পেতে হবে, যাতে পাকিস্তানের রানরেট নেমে আসে বাংলাদেশেরও নিচে। মাহফুজুর রহমান রাব্বি অবশ্য জানিয়েছেন কঠিন এই সমীকরণের মাথায় রাখলেও তাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা।
ভিডিও বার্তায় রাব্বি বলেছেন, ‘অবশ্যই আমাদের একটা রানরেটের ব্যাপার আছে। ওটা মাথায় রেখে আমাদের খেলতে হবে। প্রথমত আমাদের ম্যাচটা জিততে হবে। জিততে না পারলে রানরেট নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই। ম্যাচে স্বাভাবিক পদ্ধতি ধরেই এগিয়ে যাবো। পরবর্তী সময়ে আমাদের ম্যানেজমেন্ট যা বলবে, সেটা করতে আমরা প্রস্তুত থাকবো।’









