ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। সেই ব্যক্তিগত কারণ নিয়ে অনেকে নানা গুঞ্জনও ছড়িয়েছে। কিন্তু মূল ঘটনাটা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন কোহলি।
মঙ্গলবার রাতে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মার ঘরে এসেছে পুত্র সন্তান। নাম রাখা হয়েছে আকায়।
শুরুতে প্রথম টেস্টের আগে হায়দরাবাদে ছিলেন কোহলি। তার পর ম্যানেজমেন্টকে জানান, পরিবারের সঙ্গে থাকতে পুরো সিরিজে থাকতে পারছেন না তিনি। শুরুতে ভারতের দুটি টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে দেখা গেলো পুরো সিরিজেই আর খেলা হচ্ছে না তার।
সোশ্যাল মিডিয়ায় দুজনের দেওয়া যৌথ এক বিবৃতিতে কোহলি জানিয়েছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান ও ভামিকার ছোট ভাই আকায় জন্ম নিয়েছে। এই আনন্দের দিনে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি। অনুরোধ করবো এই মুহূর্তে আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান জানাবেন। ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
প্রথম কন্যা সন্তান ভামিকার জন্মের সময় ২০২০-২০২১ সালে অস্ট্রেলিয়া সফরেও চার টেস্টের শেষ তিন টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট। তখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। তার জায়গায় দায়িত্ব পালন করেন আজিঙ্কা রাহানে।









