রাঁচিতে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে ৩৫৩ রান। খুব বেশি নয়। কিন্তু বল হাতে শোয়েব বশিরের ঘূর্ণিতে হাপিত্যেশ করছে স্বাগতিক ব্যাটিং লাইন। দ্বিতীয় দিন শেষেও ভালো অবস্থানে আছে ইংলিশরা। ভারত ৭ উইকেটে ২১৯ রানে শনিবারের খেলা শেষ করেছে। ইংল্যান্ড এগিয়ে ১৩৪ রানে।
ইংল্যান্ডের আগের দিনের অপরাজিত দুই ব্যাটার রুট ও অলি রবিনসন অষ্টম উইকেটে একশ ছাড়ানো জুটি গড়েন। ১০২ রান তুলে তাদের জুটি বিচ্ছিন্ন হয়। রবিনসন ৫৮ রান করে থামেন। তারপর চার রানের ব্যবধানে বশির ও জেমস অ্যান্ডারসন বিদায় নেন। শেষ তিনটি উইকেটই পান রবীন্দ্র জাদেজা। রুট ২৭৪ বলে ১০ চারে ১২২ রানে অপরাজিত ছিলেন।
ভারতের পক্ষে চার উইকেট নেন জাদেজা। তিনটি পান আকাশ দীপ।
জবাব দিতে নেমে তৃতীয় ওভারে রোহিত শর্মা (২) অ্যান্ডারসনের শিকার হন। টেনেটুনে ১ উইকেট হারিয়ে ৩১ রানে লাঞ্চে যায় স্বাগতিকরা। তারপর বশিরের ঘূর্ণিতে দ্বিতীয় সেশনে তিন উইকেট পড়ে তাদের।
শুবমান গিল (৩৮), রজত পতিদার (১৭) ও জাদেজা (১২) ইংলিশ স্পিনারের শিকার হন।
একপ্রান্ত আগলে রেখে যশস্বী জয়সওয়াল হাফ সেঞ্চুরি করেছিলেন। শেষ সেশনে তাকেও ফেরান বশির। ১১৭ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৩ রানে বোল্ড হন ভারতীয় ওপেনার। আরেক স্পিনার টম হার্টলি কব্জির জোর দেখান। তাতে ৬ রানের ব্যবধানে সরফরাজ খান ও রবিচন্দ্রন অশ্বিন প্যাভিলিয়নে ফেরেন। ১৭৭ রানে ৭ উইকেট হারায় ভারত।
পরে ধ্রুব জুরেল ও কুলদীপ যাদব ৪২ রানের অপরাজিত জুটিতে দিন শেষ করেন। জুরেল ৩০ ও কুলদীপ ১৭ রানে অপরাজিত ছিলেন।
বশির চার উইকেট নিয়ে দিনের সফল ইংলিশ বোলার।









