সাত সেশন ধরে রাঁচি টেস্টের লাগাম ছিল ইংল্যান্ডের হাতে। রবিবার তৃতীয় দিনের শেষ দুই সেশনে সেই লাগাম নিজেদের হাতে নিলো ভারত। সফরকারী দুই স্পিনার শোয়েব বশির ও টম হার্টলিকে ছাপিয়ে রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে চতুর্থ টেস্ট জয়ের সুবাস পেতে শুরু করেছে তারা।
৭ উইকেটে ২১৯ রানে দিনের খেলা শুরু করেছিল ভারত। ধ্রুব জুরেল ও কুলদীপ আগের দিনের অবিচ্ছিন্ন ৪২ রানের জুটিতে খেলতে নেমে রান বাড়াতে থাকেন। ৭৬ রানে এই জুটি ভেঙে দেন জেমস অ্যান্ডারসন। তারপর আকাশ দীপকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন জুরেল। তাকে সেঞ্চুরি করতে দেননি হার্টলি। ১৪৯ বলে ৬ চার ও ৪ ছয়ে ৯০ রানে থামেন ভারতীয় ব্যাটার।
আকাশ ও মোহাম্মদ সিরাজের জুটিতে তিনশ পার করে থামে ভারত। আকাশকে এলবিডব্লিউ করে প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট নেন বশির।
ভারতকে ৩০৭ রানে অলআউট করে ৪৬ রানের লিড পায় ইংল্যান্ড। বশির ৪৪ ওভারে ১১৯ রান দিয়ে নেন ৫ উইকেট। হার্টলি পান তিন উইকেট।
ভারতের অলআউটে শেষ হয় প্রথম সেশন। তারপর ইংল্যান্ড ভারতীয় স্পিন বিষে নীল। দুই সেশনে পাঁচটি করে উইকেট হারায় তারা। অশ্বিন মাত্র ১৫.৫ ওভারে ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন। চারটি উইকেট পান কুলদীপ।
১২০ রানে পাঁচ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় ইংল্যান্ড। এই সেশনে জ্যাক ক্রলি একাই লড়াই করেন, তার ব্যাটে আসে ৬০ রান। শেষ পাঁচ উইকেট তারা হারায় মাত্র ২৫ রানে। ১৪৫ রানে অলআউট হয় সফরকারীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন জনি বেয়ারস্টো।
১৯২ রানের লক্ষ্যে নেমে নিরাপদ অবস্থানে থাকার মতো রান করে ফেলেছে ভারতের ওপেনিং জুটি। রোহিত শর্মা ২৪ ও যশস্বী জয়সওয়াল ১৬ রানে অপরাজিত আছেন। তাদের স্কোরবোর্ডে জমা পড়েছে ৪০ রান। আর ১৫২ রান করলেই ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করবে ভারত।









