অদ্ভুত ঘটনা ঘটে গেলো। স্কুল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের কারণে পাল্টে গেলো আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু! আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্ট শুরুর আগের দিন বদলে গেলো মাঠ।
বুধবার আবুধাবিতে মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। ম্যাচটি হওয়ার কথা ছিল শেখ জায়েদ স্টেডিয়ামে। কিন্তু ম্যাচের আগের দিন মঙ্গলবার জানা গেলো, ১ থেকে ৩ মার্চ আবুধাবি স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হবে সেখানে। সেজন্য পাল্টে গেলো ভেন্যু।
ওই মাঠ সংলগ্ন টলারেন্স ওভালে হবে দুই দলের টেস্ট। ১২২তম ভেন্যু হিসেবে টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে এটি।
সাড়ে ছয় বছর আগে আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট স্ট্যাটাস পায়। ২০১৯ সালে প্রথমবার তারা মুখোমুখি হয়েছিল লাল বলের ক্রিকেটে। সেই ম্যাচটি জিতেছিল আফগানরা। টেস্টে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে তিনটি জয় তারা পেয়েছে। আর আয়ারল্যান্ড সাত ম্যাচ খেলে সবগুলোই হেরেছে।









