নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা তার আচরণের কারণে শাস্তি পেয়েছেন। বাংলাদেশ সফরে প্রথম দুই টি-টোয়েন্টিতে নেই তিনি। তাই শ্রীলঙ্কার নেতৃত্বে পরিবর্তন আনতে হয়েছে। এই দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন চারিথ আসালাঙ্কা।
আগামী ৪ মার্চ সিলেটে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসালাঙ্কা শ্রীলঙ্কার স্বীকৃতি সহঅধিনায়ক। স্বাভাবিকভাবে তিনিই ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকবেন। তবে নেতৃত্বে এই প্রথমবার দেখা যাবে তাকে।
সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে পাওয়া ইনজুরি থেকে সেরে ওঠার পথে আছেন পাথুম নিশাঙ্কা। তবে বাংলাদেশ সফরে নেই তিনি। তার জায়গা নিয়েছেন ওপেনিং ব্যাটার আভিষ্কা ফার্নান্ডো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সবশেষ টি-টোয়েন্টি খেলা লেগস্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকেও ডাকা হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারকে নিয়ে তীব্র সমালোচনা করেন হাসারাঙ্গা। আচরণবিধি ভাঙার শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি। ৯ মার্চ শেষ টি-টোয়েন্টিতে ফিরবেন এই অলরাউন্ডার।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (শেষ ম্যাচে অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মাহিশ ঠিকশানা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল জানিথ পেরেরা, দিলশান মাদুশাঙ্কা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো ও জেফ্রি ভ্যান্ডারসে।









