কিছুদিন আগে অশ্রুসিক্ত নয়নে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিল ওয়াগনার। কিউই পেসারের অবসর নিয়ে এতদিন কিছু শোনা যায়নি। কিন্তু সাবেক হয়ে যাওয়া রস টেলরের মন্তব্য বিতর্ক উসকে দিয়েছে তাতে। তার মন্তব্য ওয়াগনারকে জোর করে অবসরে বাধ্য করা হয়েছে! নিউজিল্যান্ডের ড্রেসিং রুমে সব কিছু ঠিকঠাক চলছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
এসব নিয়ে বুধবার হ্যাগলি ওভালে সংবাদ সম্মেলনে কথা বলেছেন শততম টেস্ট খেলতে নামা কেন উইলিয়ামসন। টেলরের মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন রাখা হয়েছিল তার কাছে। জবাবে উইলিয়ামসন বলেছেন, ‘আমার মনে হয় না কাউকে অবসর নিতে জোর করা হয়েছে।’ড্রেসিং রুমের পরিবেশ নিয়েও এ সময় কথা বলেন তিনি, ‘আমার তো মনে হয় গত সপ্তাহে তার (ওয়াগনারের) অসাধারণ সময় কেটেছে। যেটা অবিশ্বাস্য ক্যারিয়ারেরই প্রতিফলন।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘ড্রেসিং রুমে আমাদের অসাধারণ সময় কেটেছে। হয়তো ঠিকঠাক সব কিছু যায়নি। কারণ অনফিল্ড পারফরম্যান্সটা ভালো হলে সেটা ভালো হতে আরও সহায়তা করতো। কিন্তু বিষয়টা ছিল তার চেয়ে বেশি কিছু। দলের জন্য সে অনেক কিছু করেছে। তার স্কিলটাও আমরা দেখেছি। লোকজন দেখেছে তার সংখ্যা। তবে যেভাবে সে হৃদয়-মন উজাড় করেছে দলের জন্য। বিশেষ করে এত দীর্ঘ সময় ধরে; সেটা ছিল অবিশ্বাস্য। তাই তার জন্যই সপ্তাহটা আমাদের জন্য ছিল স্পেশাল। ওই হিসেবে সে দলের সঙ্গে যেভাবে সময় ভাগাভাগি করেছে, সেটা ছিল দারুণ।’









