অনেক কিছু ঠিক হলেই কেবল জাতীয় দলে ফিরবেন, বিপিএলের ফাইনাল জিতে এমনটাই বলেছিলেন তামিম ইকবাল। তবে বাঁহাতি ওপেনারের এই শর্ত ভালোভাবে নেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
সোমবার (১১ মার্চ) মিরপুরে পারটেক্সের বিপক্ষে ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হন আবাহনী কোচ সুজন। তামিমের ফেরা নিয়ে তিনি বলেছেন, ‘আমরা সবাই চাই তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, একজন ক্রিকেটার হিসেবে এই কথাটা শুনতে কেমন যেন দেখায়। আমি জাতীয় দলের হয়ে খেলবো, দেশ, জাতীয় দল– এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।’
সুজন আরও বলেছেন, ‘তামিম এত বছর বাংলাদেশ দলকে সেবা দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম, নির্বাচকরা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন… অবশ্যই তাকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোনও কিছুর বিনিময়ে বা কোনও শর্তে, সেটা কতটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারবো না।’
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রশ্নে তামিম বলেছিলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই- আমার ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনও পয়েন্ট নাই। কারণ, আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি- হয়তো দুই বছর খেলবো। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে।’









