মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার অনুরাধাপুরা নামক শহরে। ওই জায়গায় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে তার গাড়ির। তাতে থিরিমান্নের গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার পর থিরিমান্নের ইনজুরির বিস্তারিত জানা যায়নি। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। থিরিমান্নে বর্তমানে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে ভর্তি আছেন। ওই দুর্ঘটনায় আহত থিরিমান্নের গাড়িতে থাকা আরও একজন একই হাসপাতালে চিকিৎসাধীন। থিরিমান্নে গাড়িতে করে মন্দিরে যাচ্ছিলেন।
২০১০ সালে অভিষেক হওয়া থিরিমান্নে শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট, ১২৭টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। শ্রীলঙ্কার হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। যার মধ্যে ২০১৪ সালে জেতা টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। ৩৪ বছর বয়সী শ্রীলঙ্কাকে ওয়ানডেতেও নেতৃত্ব দিয়েছেন পাঁচ ম্যাচ। তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০২২ সালের মার্চে। তার পর গত বছরের জুলাই মাসে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।









