ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে এসে শেখ জামালের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান। আগে ব্যাটিং করে ১৪ বলে করেছেন মাত্র ১৯ রান। তবে বোলিংয়ে আলো ছড়িয়েছেন, নিয়েছেন তিনটি উইকেট। বুধবার সিটি ক্লাবের বিপক্ষে শেখ জামাল পেয়েছে ৪০ রানের জয়। দলের জয়ের নায়ক ৭৮ রান করা ইয়াসির আলী চৌধুরী।
আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। এজন্য খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ম্যাচের দৈর্ঘ্য কমে হয়েছে ৩৪ ওভারে। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে শেখ জামাল ৭৯ রানে প্রথম চার উইকেট হারায়। পঞ্চম উইকেটে নুরুল হাসান সোহান ও ইয়াসির মিলে গড়েন ১৩৮ রানে জুটি। ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ইনিংস সেরা রানে আউট হন ইয়াসির। তবে সোহান ৬০ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।
এদিন শেখ জামালের হয়ে মাঠে ফিরেছিলেন সাকিব। তবে বেশিদূর যেতে পারেননি। তিন নম্বরে নেমে ১৪ বলে ১৯ রানের ইনিংস খেলে আউট হন। সব মিলিয়ে নির্ধারিত ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে শেখ জামাল।
জবাবে খেলতে নেমে রিপন মন্ডল ও সাকিবের বোলিংয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে সিটি ক্লাবের ইনিংস। ত্রিশের ঘর পেরিয়েছেন শাহরিয়ার কমল ও সাদিকুর রহমান। কমল সর্বোচ্চ ৩৮ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। সাদিকুরের ৩৬ বলে ৩৫ রানের ইনিংসে ছিল ৫ চারের মার। এছাড়া আশিক উল আলম ২৫ ও ইরফান হোসেন ২৪ রান করেন।
সাকিবের ৩ উইকেটের সঙ্গে সমান সংখ্যক উইকেট পেয়েছেন পেসার রিপন মন্ডল। এছাড়া ২ উইকেট পান শফিকুল ইসলাম।









