ইনজুরির কারণে এশিয়া কাপের ফাইনালে নেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাতে কি, ময়দানী এই ফাইনালের জন্য পুরো দলকেই শুভেচ্ছা জানিয়েছে মুস্তাফিজের পরিবার।
শুধু তাই নয় মুস্তাফিজুর রহমানের বাবা ও মা প্রার্থনা করছেন গোটা ক্রিকেট টিমের জন্যও।
রবিবার সাতক্ষীরায় বাংলা ট্রিবিউনকে মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে ইনজুরির কারণে খেলেত পারছে না তাতে আমার কোনও দুঃখ নেই। আমার আরও ১১টি ছেলে মাঠে নামবে ভারত বধের আশায়।’
এদিকে সাতক্ষীরায় থাকছে খেলা দেখার নানা আয়োজন। ফাইনাল উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার প্রতিটি চায়ের স্টল, ক্লাব, বাসা-বাড়ি। অলিগলিতে চলছে বড় পর্দায় খেলা দেখার নানা আয়োজন। নিরবিচ্ছিন্নভাবে খেলা দেখতে অনেকে জেনারেটারের ব্যবস্থাও করেছেন।
খেলা উপলক্ষে বাংলাদেশের জার্সি ও পতাকা বিক্রি হচ্ছে চোখে পড়ার মতো। ছোট-বড় সকলে, সকাল থেকে ভিড় জমায় জেলার ক্রীড়া সামগ্রীর দোকানগুলোতে। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
/এফআইআর/এসটি/








