ভোররাত থেকে মিরপুরে দমকা বাতাসের সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। সেই কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন।
রবিবার সকালের সেই ঝড়ের পর দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তার আগেই নজরে আসে ভাঙা স্কোরবোর্ডটি। তারপর একজন মাঠকর্মী এসে ভাঙা অংশগুলো সেখান থেকে সরানোর কাজ শুরু করেন।
এ ব্যাপারে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘অনেক ঝড় হয়েছে। তাতে জায়ান্ট স্ক্রিন ভেঙে গেছে। এ ছাড়া পেছনের অংশে একটি দেয়ালও ভেঙে পড়েছে। এখনও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়নি। আমরা দেখছি কীভাবে করা যায়। দ্রুত শুরু করবো।’
অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটেরর ওপর ভর করে ১২৬ রান করে স্বাগতিক দল। যদিও এই রান মাত্র ১৩ ওভারে বিনা উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে সফরকারী অস্ট্রেলিয়া।









