লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে যুক্ত ছিলেন শ্রীনিবাস চন্দ্রশেখরন। ২০১৮ সাল থেকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত কাজ করেছেন ভারতীয় এই অ্যানালিস্ট। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এরপর বেশ কিছু সিরিজে খণ্ডকালীন অ্যানালিস্ট দিয়ে কাজ সেরেছে বিসিবি। তবে এবার পূর্ণাঙ্গ মেয়াদের জন্য মহসিন শেখকে অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিচ্ছে বোর্ড।
রবিবার এক অনুষ্ঠানে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস নতুন এই অ্যানালিস্ট নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী ১ মে থেকে দুই বছরের জন্য মানে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত মহসিনের সঙ্গে চুক্তি করবে বিসিবি। যদিও গত বছর নিউজিল্যান্ড সফরের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টিতে শান্তদের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন তিনি। কাজ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।
এছাড়া ২০০৩-০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেছেন মহসিন। এর বাইরে বিগ ব্যাশ, আইপিএলের দলেও কাজ করেছেন তিনি। বাংলাদেশের আগে সবশেষ আফগানিস্তান জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই অস্ট্রেলিয়ান।
চুক্তির আনুষ্ঠানিকতা সারতে কয়েকদিনের মধ্যে ঢাকায় আসার কথা পাকিস্তানি বংশোদ্ভুত এই অস্ট্রেলিয়ানের। মহসিনের সঙ্গে চুক্তির বিষয় নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘মহসিনকে নিয়ে আমরা ইতিবাচক ছিলাম। এর আগেও আমাদের সঙ্গে কাজ করেছে। তাকে নিয়ে ভালো ফিডব্যাক দিয়েছে ক্রিকেটার, কোচিং স্টাফরা। আমরা তাই চেয়েছি তাকে রেখে দিতে। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজেই কাজ শুরু করবে।’
আগামী রবিবার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে, শেষ দুটি হবে মিরপুরে।









