টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্মলগ্নে ঝলক দেখানো শহীদ আফ্রিদি টুর্নামেন্টের আসন্ন আসরের নতুন দূত হলেন। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার দূতের বিশিষ্ট একটি দলে যুক্ত হলেন, যেখানে আরও আছেন ভারতীয় তারকা যুবরাজ সিং, ইউনিভার্স বস ক্রিস গেইল ও বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে পাকিস্তানের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে আষ্টেপৃষ্টে আছে আফ্রিদির নাম। ২০০৭ সালে প্রথম আসরে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরে ২০০৯ সালে দলকে চ্যাম্পিয়ন করতেও রাখেন অবদান।
২০০৭ সালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। তার দল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ফাইনালে হেরে যায়। তবে সেই ব্যর্থতা ভুলতে সময় নেয়নি পাকিস্তান। ২০০৯ সালে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা হন। তার দল হয় চ্যাম্পিয়ন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুখকর স্মৃতি নতুন করে রোমাঞ্চিত করলো আফ্রিদিকে। টুর্নামেন্টের দূত হিসেবে আসন্ন বিশ্বকাপে যোগ দিতে উন্মুখ তিনি, ‘আইসিসি বিশ্বকাপ এমন একটা ইভেন্ট, যেটা আমার হৃদয়ের খুব কাছাকাছি। এই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করে আমার প্রিয় ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত হলো উদ্বোধনী আসরে টুর্নামেন্ট সেরা হওয়া থেকে ২০০৯ সালের ট্রফি হাতে নেওয়া।’
বর্তমান সময়ের বিশ্বকাপ নিয়ে সাবেক এই অলরাউন্ডার বললেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ সাম্প্রতিক বছরগুলোতে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং আমি এই আসরের অংশ হতে পেরে রোমাঞ্চিত, যেখানে আমরা আরও বেশি দল দেখতে পাবো, আরও অনেক ম্যাচ এবং আগের চেয়েও বেশি নাটক।’
কোন ম্যাচ বেশি টানছে আফ্রিদিকে, সেটাও জানিয়ে দিলেন, ‘বিশেষ করে ভারত বনাম পাকিস্তানের ৯ জুনের ম্যাচের সাক্ষী হতে অধীর অপেক্ষায় আছি। এটা এই খেলার অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা এবং দুই সেরা দলের এই অতুলনীয় ম্যাচটির জন্য নিউইয়র্ক উপযুক্ত মঞ্চ হতে যাচ্ছে।’









