তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন জস বাটলার। এই সময় স্ত্রী লুইসের পাশে থাকছেন তিনি। পরিস্থিতি বলছে, পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন না ইংল্যান্ডের অধিনায়ক।
শনিবার এজবাস্টনে পাকিস্তানকে ২৩ রানে হারানোর পর লন্ডনে বাসায় ফিরে গেছেন বাটলার। সোমবার কার্ডিফে বিকালের ট্রেনিং সেশনে থাকতে পারেননি তিনি। প্রায় নিশ্চিত করে বলা যায়, মঙ্গলবার সন্ধ্যার ম্যাচে খেলবেন না দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৮৪ রানের ম্যাচসেরা পারফর্ম করা ওপেনার। বৃহস্পতিবার ওভালে সিরিজের শেষ ম্যাচে খেলার জন্য সময়মতো ফিরতে পারবেন কি না তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
তবে শুক্রবার দলের বাকি সদস্যদের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ক্যারিবিয়ানের বিমান ধরবেন বাটলার, এটা অনেকটাই নিশ্চিত। ৪ জুন বার্বাডোজে স্কটল্যান্ডের বিপক্ষে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ।
পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে অধিনায়কত্ব করবেন দলের সহঅধিনায়ক মঈন আলী। বাটলারের অনুপস্থিতিতে উইল জ্যাকস ও জনি বেয়ারস্টো ব্যাটিং পজিশনে একধাপ করে এগোবেন এবং চার নম্বরে ব্যাট করবেন বেন ডাকেট। বোলিং অলরাউন্ডার হিসেবে স্যাম কারানকে নেওয়া হতে পারে।









