টি-টোয়েন্টি বিশ্বকাপ ২ জুন শুরু হলেও ভারতের অভিযান শুরু হচ্ছে আজ। বুধবার রাত সাড়ে ৮টায় তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
এই ফরম্যাটের সবচেয়ে জনপ্রিয় লিগটা ভারতের হলেও ভারত ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও শিরোপা জেতেনি।অথচ প্রতিবারই শিরোপা প্রত্যাশীদের নাম করলে তাদের নামটি উঠে আসে সবার আগে। ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিত হয়েছে। তার পরেও রোহিত শর্মার অধীনে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে ভীষণ ভারসাম্যপূর্ণ দল তারা।
দলটির ব্যাটিং লাইন আপে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ত ও সূর্যকুমার যাদবরা। যারা এক হাতেই ম্যাচ শেষ করার জন্য সমর্থ।
অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া তো আছেনই। পাশাপাশি বোলিংয়ে জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদবরা বোলিং আক্রমণের মূল স্তম্ভ হিসেবে রয়েছেন। তাদের সঙ্গে থাকছেন মোহাম্মদ সিরাজ ও আরশদীপ সিং।
অপর দিকে, পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি চমক জাগানিয়া একটি জয় তুলে সাড়া ফেলে দিয়েছে আয়ারল্যান্ড। ফলে এই ম্যাচে দলটি কেমন করে সেটা দেখতে অনেকে মুখিয়ে থাকবেন। অধিনায়ক পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর ও লরকান টাকাররা দলটির ব্যাটিং সাফল্যের মূল স্তম্ভ। সবচেয়ে বেশি প্রভাব বিস্তারী ইনিংস খেলতে পারদর্শী দুই অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেল। বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে তারা উইকেট শিকারে পারদর্শী।
আর নতুন বলের স্পেশালিস্ট হিসেবে জশ লিটলের ওপর আলাদা নজর থাকবে। কারণ ভারতের টপ অর্ডারে হুমকি হয়ে উঠতে পারেন তিনি। বোলিংয়ে তার সঙ্গে সহায়ক শক্তি হিসেবে রয়েছেন গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার ও ব্যারি ম্যাকার্থি।
এক নজরে:
**টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে শতাংশের হিসেবে ভারতেরই জয়ের পাল্লা ভারি ৬৩.৯৫!
**তারকা ব্যাটার বিরাট কোহলি সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার বিজয়ী-২৭টি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ২৫ ইনিংসে ১ হাজার ৪১।
** সবচেয়ে ছক্কা হজম করা বোলারদের মধ্যে ভারত সর্বোচ্চ- ২২১টি!









