টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়িয়ে সবার নজর কেড়েছেন রিশাদ হোসেন। ভালো পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন তরুণ এই লেগ স্পিনার। পাশাপাশি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া সাইফউদ্দিনও সুযোগ পেয়েছেন। তারা দুইজন প্রথমবার সুযোগ পেলেও আগের আসরে সাকিব আল হাসান ও লিটন দাসের খেলার অভিজ্ঞতা আছে। সাকিব এবার ভিন্ন দলে খেলবেন। লিটন অবশ্য কানাডার এই লিগ থেকে বাদ পড়েছেন। গতবার সারে জাগুয়ার্সে খেলেছেন।
শনিবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল টরন্টো ন্যাশনালস ড্রাফট থেকে দুর্দান্ত ফর্মে থাকা রিশাদকে দলে ভিড়িয়েছে। অন্যদিকে মন্ট্রিয়ল টাইগার্সে অন্তর্ভুক্ত হয়েছেন সাইফউদ্দিন। সাকিব গত আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেললেও এবার খেলবেন মিসিসাউগা প্যান্থার্সে। গ্লোবাল টি-টোয়েন্টির চতুর্থ আসরে প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিবকেই প্রথমে দলে টানে বাংলা টাইগার্স মিসিসাউগা প্যান্থার্স ফ্র্যাঞ্চাইজি।
তবে সাকিবের মতো সরাসরি দল পাননি সাইফউদ্দিন ও রিশাদ। মন্ট্রিয়ল টাইগার্স ড্রাফট থেকে সাইফউদ্দিনকে দলে নিয়েছে। মন্ট্রিয়ল টাইগার্সে সাইফউদ্দিনের সতীর্থ হিসেবে আছেন টম ল্যাথাম, ক্রিস লিন, শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হকরা। দলটির নেতৃত্বে থাকছেন ক্রিস লিন। টরন্টো ন্যাশনালসে লেগ স্পিনার রিশাদের দলে আছেন শাহীন আফ্রিদি, রাসি ফর ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোর মতো তারকারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। সব ঠিক থাকলে আগামী ২৫ জুলাই পর্দা উঠবে টুর্নামেন্টটির।








